‘হিন্দুরা অনুপ্রবেশকারী নন, শরণার্থী’, কোচবিহার থেকে বড় মন্তব্য শুভেন্দু অধিকারীর

বুধবার কোচবিহার সফরে গিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলেও ফের অশান্তি ও অরাজকতা তৈরি হওয়ার প্রেক্ষাপটে এই নির্দেশ দেন তিনি। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি পুলিশকে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ (BSF)-এর সঙ্গে একযোগে কাজ করতে বলেছেন মুখ্যমন্ত্রী।
কোচবিহারে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “পুলিশ সুপার শুনে রাখুন, এই জেলায় বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে হবে। যে রাস্তা দিয়ে এসেছে, সেই রাস্তা দিয়ে বের করতে হবে। তাড়াতে হবে। বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছেন, তাঁরা অনুপ্রবেশকারী নন। তাঁরা শরণার্থী। তাঁরা ধর্ম এবং প্রাণ বাঁচানোর জন্য এসেছেন। তাঁদের আশ্রয় দিতে হবে।”
কোচবিহারের পুলিশ সুপারকে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর বুধবার কোচবিহারের পুলিশ সুপার মণীশ জোশীর উদ্দেশ্যে একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিএসএফ ও পুলিশকে একসঙ্গে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই তিনি সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্ত নেন এবং সীমান্তে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ হলে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ হয়ে যাবে বলে আশাবাদী তিনি। পাশাপাশি অবৈধ মাদ্রাসা, গাঁজা চাষ, জাল নোট এবং মাদক পাচার বন্ধ করার জন্য পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী।
মহিলাদের নিরাপত্তা নিয়ে ব্যবস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ ও অত্যাচার রোখার লক্ষ্যে দুর্গাবাহিনী গঠন করা হয়েছে। মহিলা পুলিশকর্মীদের নিয়ে গঠিত এই দলকে কোচবিহারে সম্মান জানান মুখ্যমন্ত্রী এবং এই বাহিনীর জন্য ৩০টি স্কুটার বরাদ্দ করা হয়েছে।
মহিলাদের নিরাপত্তার প্রশ্নে কড়া বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “যদি আমার একটি দিদি-বোন-কন্যার উপর আঙুল তোলে, তার আঙুলটা ভেঙে দিতে হবে।” রাজ্যে নতুন সরকার গঠনের পর একাধিক ‘এনকাউন্টার’-এর প্রসঙ্গ টেনে মহিলাদের ওপর নৃশংস অত্যাচারের ক্ষেত্রে ফের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।