‘সকলেই জানতেন ওঁরা সম্পর্কে আছেন’, মিঠুন-শ্রীদেবীকে নিয়ে পডকাস্টে কী বললেন লরেন্স ডিসুজা?

মিঠুন চক্রবর্তী এবং শ্রীদেবী নাকি প্রেম করতেন—সম্প্রতি তাঁদের এই চর্চিত রসায়ন নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় পরিচালক লরেন্স ডিসুজা। নিজের চোখের সামনে মিঠুনকে শ্রীদেবীর জন্য কী কী করতে দেখেছেন, তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।

‘গয়ের কানুনি’ ছবির শুটিং চলাকালীন মিঠুন চক্রবর্তী এবং শ্রীদেবীর প্রেম কাহিনির সাক্ষী ছিলেন বলে দাবি করেছেন লরেন্স ডিসুজা। সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে এই প্রসঙ্গে কথা বলেন তিনি। পরিচালকের কথায়, মিঠুন হামেশাই শুটিং ফ্লোরে চলে আসতেন এবং অভিনেত্রীর জন্য মেকআপ রুমে অপেক্ষা করতেন। শুধু তাই নয়, শ্রীদেবীর কাছে ঘনঘন ফোনও আসত। সেই ফোনের উত্তর দিতে শুটিং থামিয়ে কিছুটা দূরে গিয়ে কথা বলতেন অভিনেত্রী এবং পরে ফিরে এসে আবার কাজে মন দিতেন।

লরেন্স ডিসুজা আরও দাবি করেন যে মিঠুন চক্রবর্তী মূলত শুটিং চলাকালীন বা প্যাকআপের সময় আসতেন এবং শ্রীদেবীর জন্য অপেক্ষা করতেন। তিনি জানান, সেই সময় মিঠুন বিবাহিত ছিলেন এবং যোগিতা বালির সঙ্গে তাঁর বিয়ে হয়ে গিয়েছিল।

মিঠুন ও শ্রীদেবীর সম্পর্কের কথা বলতে গিয়ে পডকাস্ট শোয়ে লরেন্স ডিসুজা বলেন, “সকলেই জানতেন যে ওঁরা প্রেম করছেন, সম্পর্কে আছেন। যোগিতা বালির সঙ্গে ততদিনে ওর বিয়ে হয়ে গিয়েছিল। আর আমি যা যতটা বললাম সবটাই নিজের চোখে দেখা। মিঠুন দা আসতেন এবং ওঁর (শ্রীদেবীর) মেকআপ রুমে অপেক্ষা করতেন।”

উল্লেখ্য, ১৯৮০-র দশকে মিঠুন চক্রবর্তী এবং শ্রীদেবীর অনস্ক্রিন জুটি ও রসায়ন ছিল অত্যন্ত জনপ্রিয়। তাঁরা একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন, যার মধ্যে ‘জাগ উঠা ইনসান’ এবং ‘ওয়াক্ট কী আওয়াজ’ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁদের সম্পর্ক নিয়ে সেই সময় ব্যাপক চর্চা হলেও এই দুই তারকা কখনও আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্ক স্বীকার করেননি বা এ নিয়ে প্রকাশ্যে কথা বলেননি।

মিঠুন চক্রবর্তীর আগেই বিয়ে হয়ে গিয়েছিল। অন্যদিকে পরবর্তী সময়ে ১৯৯৬ সালে বনি কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রীদেবী; তাঁদের দুই কন্যা হলেন জাহ্নবী ও খুশি কাপুর। ২০১৮ সালে মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত হন শ্রীদেবী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *