চলতি SSR প্রক্রিয়াতেই ভোটারের তথ্য যাচাই ও সংশোধন: সব CEO-কে কী নির্দেশ দিল নির্বাচন কমিশন?

চলতি Special Summary Revision বা SSR প্রক্রিয়ার মধ্যেই ভোটার তালিকার ভুলত্রুটি যাচাই ও সংশোধন করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের বা CEO-দের এই নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, SIR-এর সময় সংগৃহীত তথ্যের সঙ্গে বর্তমান ভোটার তালিকার তথ্য মিলিয়ে দেখে প্রয়োজনীয় সংশোধনের কাজ সারতে হবে।

নির্দেশিকায় জানানো হয়েছে, SIR-এর তথ্যের সঙ্গে বর্তমান ভোটার তালিকার তুলনা করে নাম, অভিভাবকের নাম ও সম্পর্ক, জন্মতারিখ, মোবাইল নম্বর, ছবি-সহ বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হবে। এই তুলনায় কোনও তথ্যে অমিল বা অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্ট এন্ট্রি চিহ্নিত করা হবে এবং সম্ভাব্য ভুল যাচাইয়ের জন্য তা ফ্ল্যাগ করা হবে।

এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চিহ্নিত ভোটারদের বাড়িতে যাবেন বুথ লেভেল অফিসার বা BLO-রা। চলতি SSR প্রক্রিয়ার মধ্যেই সংশ্লিষ্ট ভোটারদের কাছে গিয়ে তথ্য যাচাই করবেন তাঁরা। প্রয়োজন অনুযায়ী ভোটারদের কাছ থেকে পূরণ করা ও স্বাক্ষরিত Form-8 সংগ্রহ করবেন BLO-রা, কারণ ভোটারের ব্যক্তিগত তথ্য সংশোধনের ক্ষেত্রে এই ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক।

সংগৃহীত Form-8 ভালোভাবে খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা AERO এবং নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা ERO। নির্ধারিত নিয়ম মেনে সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তি করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *