নিউটাউনে ৫ কোটি টাকা উদ্ধার ও ভুয়ো ডিসিআর কাণ্ড! গোয়েন্দাদের জালে নতুন তথ্য

ভুয়ো ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) কাণ্ড থেকে শুরু করে নিউটাউনে ৫ কোটি টাকা উদ্ধারের ঘটনা—তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। অবৈধ কারবারের বিপুল টাকা লেনদেন কীভাবে হত এবং নেপথ্যের সুবিধাভোগী কারা, তারই হদিস পেতে মরিয়া গোয়েন্দারা। এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ভবানী ভবনে তলব করা হয়েছিল টুলু মণ্ডলকে।

তবে সিআইডি সূত্রে খবর, বুধবার তিনি ভবানী ভবনে হাজিরা দেননি। এ বিষয়ে রাজ্য পুলিশের এক আধিকারিক বলেন, “পরবর্তী কবে তিনি ভবানী ভবনে আসবেন, সে বিষয়েও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।”

গোয়েন্দাদের অভিযোগ, এর আগে জেরায় টুলু মণ্ডলের বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। অবৈধ লেনদেনের টাকা কোথা থেকে আসত এবং কার হাত ঘুরে কাদের কাছে পৌঁছত, তা নিয়ে স্পষ্ট উত্তর দিচ্ছেন না তিনি। একেক সময় একেক রকম তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। সেই অসঙ্গতিগুলি খতিয়ে দেখতেই বুধবার ফের তাঁকে ভবানী ভবনে ডাকা হয়েছিল।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, ভুয়ো ডিসিআর তৈরি করে সরকারি নিয়ম ও রাজস্ব ফাঁকি দেওয়ার চক্রের সঙ্গে নিউটাউনে টাকা উদ্ধারের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, এই ঘটনায় তাঁরা আগে থেকেই বেশ কিছু ব্যবসায়ীর নাম ও পরিচয় পেয়েছিলেন। কিন্তু টুলু মণ্ডলের দেওয়া ব্যবসায়ীদের তালিকার সঙ্গে তাঁদের হাতে থাকা ব্যবসায়ীদের তালিকার কোনও মিল নেই।

তদন্তকারীদের প্রাথমিক দাবি, এই তদন্তকে ঘুরপথে চালানোর চেষ্টা করছেন টুলু। এই কারবারের শিকড় কতদূর বিস্তৃত এবং কোন প্রভাবশালী বা মধ্যস্বত্বভোগীরা এর সুবিধা ভোগ করতেন, তা জানতেই চলছে তদন্ত। তবে টুলুর আগের বয়ানের সঙ্গে তদন্তে উঠে আসা তথ্য ও নথির বিস্তর ফারাক পাওয়া গিয়েছে বলে দাবি এক তদন্তকারী আধিকারিকের। বুধবার হাজিরা এড়িয়ে যাওয়ায় সিআইডির পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

ভবানী ভবন সূত্রে ইঙ্গিত মিলেছে, বয়ানের অসঙ্গতি কাটাতে এবং তদন্ত এগিয়ে নিয়ে যেতে টুলুকে ফের নোটিশ পাঠানো হতে পারে। পাশাপাশি, ব্যাঙ্ক লেনদেন এবং ডিজিটাল নথির সূত্র ধরে আসল সুবিধাভোগীদের চিহ্নিত করার কাজও জোরকদমে চালাচ্ছে সিআইডি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *