বোলপুরের পর আসানসোল! ফের পুলিশকে লক্ষ্য করে গুলি, চম্পট অভিযুক্তের

বোলপুরের পর এবার আসানসোল। ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চলার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, আসানসোলের হীরাপুর ও আসানসোল দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় ডাকাতি ও সাইবার অপরাধের মামলায় এক অভিযুক্তকে ধরতে গেলে গুলি চলে। স্থানীয় সূত্রে ৩ রাউন্ড গুলির খবর শোনা গেলেও পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার জানিয়েছেন, অভিযুক্ত প্রতাপ দাস ২ রাউন্ড ব্ল্যাঙ্ক ফায়ার করে পালিয়ে যায়। এই ঘটনায় কোনও পুলিশকর্মী আহত হননি।

পুলিশ সূত্রে খবর, পুরোনো একটি ডাকাতির মামলার তদন্তে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত প্রতাপ দাসকে ধরতে অভিযানে নামে আসানসোল দক্ষিণ এবং হীরাপুর থানার পুলিশ। পুলিশ কমিশনার জানান, প্রতাপ আসানসোল দক্ষিণ থানা এলাকার বাসিন্দা এবং একাধিক অপরাধের সঙ্গে যুক্ত। ডাকাতির পাশাপাশি বেশ কিছু সাইবার প্রতারণার মামলাতেও তার যোগসূত্র রয়েছে বলে দাবি পুলিশের।

যদিও এলাকাটি আসানসোল দক্ষিণ ও হীরাপুর থানার সীমান্তে অবস্থিত, তবে পুলিশ কমিশনারের মতে, মূল ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অধীনেই। অভিযোগ, পুলিশ পৌঁছাতেই অভিযুক্ত গুলি চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়।

পুলিশ কমিশনারের দাবি, অভিযুক্ত ২ রাউন্ড ব্ল্যাঙ্ক ফায়ার করে পালিয়ে যায় এবং সেই সময় ঘটনাস্থলে কোনও পুলিশকর্মী সামনে না থাকায় কারও গায়ে গুলি লাগেনি। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রতাপ দাসের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *