জমি হারানোর ক্ষোভে বামফ্রন্টকে নিশানা! রাসমেলার মঞ্চ থেকে রাজবংশীদের কী আশ্বাস দিলেন শুভেন্দু?

উত্তরবঙ্গের আদিবাসী জনগোষ্ঠীর একাংশ যে রাজবংশী ভাষায় কথা বলেন, সেই ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করে সরকারি মর্যাদা দেওয়া হবে। বুধবার কোচবিহারে রাসমেলার উদ্বোধনে এসে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন তিনি উল্লেখ করেন, রাজ্যে বিজেপি সরকার রাজবংশী সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি, আর্থিক নিরাপত্তা এবং রাজনৈতিক আকাঙ্ক্ষার বিষয়ে পূর্ণ যত্ন নিচ্ছে। বিজেপির বিধানসভা নির্বাচনের ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করা হবে বলে আশ্বাস দেন তিনি।

ভগবান শ্রীকৃষ্ণ ও রাধাকে কেন্দ্র করে আয়োজিত বার্ষিক শীতকালীন ‘রাস উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “গত ১৯ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে আমাদের একটি বৈঠক হয়েছিল, যেখানে আমি এবং রাজ্যের মুখ্যসচিব উপস্থিত ছিলাম। সেই বৈঠকে আমরা এই বিষয়টি উত্থাপন করেছি।”

রাসমেলার উদ্বোধন করতে যাওয়ার আগে এদিন রাজবংশী সমাজের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে বৈঠক শেষে এমনটাই জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোচবিহার ল্যান্সডাউন হলে রাজবংশী সমাজের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং জনপ্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মোট ১৩১ জন উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

এই অঞ্চলে নিজেদের জমির মালিকানা হারানোর ঘটনায় রাজবংশী সম্প্রদায়ের মধ্যে যে ক্ষোভ রয়েছে, সে কথা উল্লেখ করে এর জন্য তৎকালীন বামফ্রন্ট সরকারকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে তিনি বলেন, “এর জন্য মূলত তৎকালীন সিপিআই (এম) সরকারই দায়ী। কারণ, বর্গাচাষ সংক্রান্ত ভূমি সংস্কার আইন কার্যকর করার নামে আদি বাসিন্দাদের জমি কেড়ে নিয়ে বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হয়েছিল।”

২০১৯ সাল থেকে সমগ্র রাষ্ট্রবাদী রাজবংশী সমাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। রাজবংশী সমাজের ভাষা, সংস্কৃতি এবং রাজনৈতিক অংশীদারিত্বের বিষয়টি কেন্দ্র অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানান তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই রাজবংশী সম্প্রদায় বিজেপিকে সমর্থন জানিয়ে আসছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা তাদের ভাষা, সংস্কৃতি, আর্থিক নিরাপত্তা এবং রাজনৈতিক অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। রাজবংশী সমাজের ২৯টি প্রাচীন আস্থার কেন্দ্রকে হেরিটেজ হিসেবে সংরক্ষণ ও সংস্কার, স্কুলের পরিকাঠামো উন্নয়ন, লোকশিল্পীদের ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে কাজের ব্যবস্থা করার দাবিও উঠে এসেছে, সেগুলিও বিবেচনা করা হচ্ছে।”

পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন, অতীতে সিপিআই (এম)-নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার কিংবা তৃণমূল কংগ্রেস সরকার—কেউই রাজবংশী সম্প্রদায়কে রাজ্যের মন্ত্রিসভায় সেই পরিমাণ প্রতিনিধিত্ব দেয়নি, যতটা মে মাসে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *