TIME100 Next-এ জায়গা পাওয়াই কি শুরু? ভোটার তালিকা সার্চে যুগান্তকারী কাণ্ড সার্থকের

সিবিএসই (CBSE)-র অন-স্ক্রিন মার্কিং (OSM) সিস্টেমের ত্রুটি সামনে এনে দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। সম্প্রতি চলতি বছরের আন্তর্জাতিক TIME100 Next India তালিকাতেও স্থান করে নিয়েছেন ১৮ বছর বয়সি ওই তরুণ। এবার আরও এক যুগান্তকারী উদ্যোগের জন্য ফের খবরের শিরোনামে সার্থক সিদ্ধান্ত। বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় লক্ষ লক্ষ নাম থাকা ভোটার তালিকার পিডিএফ ফাইল থেকে নাম খোঁজার কাজকে প্রযুক্তির সাহায্যে অনেকটাই সহজ করে তুলেছেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সরকারি তথ্য জনসমক্ষে প্রকাশ করা এবং সাধারণের ব্যবহারযোগ্য করে তোলার দাবিতে দীর্ঘদিন ধরেই সরব বিরোধীরা। নির্বাচন কমিশনের (ECI) বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় লক্ষাধিক স্ক্যানড পিডিএফ ফাইল থেকে নিজেদের নাম খুঁজে বের করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবার সেই সমস্যার সমাধানের পথ দেখিয়েছেন সার্থক।
মঙ্গলবার সমাজমাধ্যম ‘এক্স’-এ সার্থক জানান, তাঁর ও তাঁর সহযোগীদের যৌথ প্রচেষ্টায় উত্তরপ্রদেশের ভোটার তালিকার ৬ লক্ষ ৮০ হাজার পিডিএফ ফাইল ডিজিটাইজ করা হয়েছে। এর জন্য তাঁরা ব্যবহার করেছেন ‘অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন’ (OCR) প্রযুক্তি। OCR-এর মাধ্যমে স্ক্যান করা নথিগুলিকে কম্পিউটারে পাঠযোগ্য করে তোলার পাশাপাশি সহজেই খুঁজে পাওয়ার মতো ডেটাসেটে রূপান্তরিত করা হয়েছে।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের মোট ৫৪ কোটি ৮০ লক্ষ ভোটারের রেকর্ড পাঠযোগ্য ও ‘সার্চেবল’ করা হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচন, বিশেষ সংশোধন (SIR)-এর খসড়া ও চূড়ান্ত তালিকা এবং ২০২৭ সালের খসড়া তালিকা—এই চারটি পর্যায়ের সমস্ত তথ্য একই জায়গা থেকে সহজে খুঁজে পাওয়া যাবে সার্থকদের এই উদ্ভাবনের মাধ্যমে।
পাশাপাশি, সাধারণ মানুষ ভোটার তালিকা থেকে নিজেদের তথ্য খুঁজে বের করার পর ফাইলগুলিতে তথ্যের গোপনীয়তা বজায় রাখার ব্যবস্থাও রাখা হয়েছে। ভোটারের নাম, আত্মীয়ের নাম, এপিক (EPIC) নম্বর এবং বাড়ির নম্বরের মতো ব্যক্তিগত তথ্যের পরিবর্তে বিশেষ কোড বা ‘কিড-হ্যাশ টোকেন’ ব্যবহার করেছেন সার্থকেরা। তবে প্রয়োজন অনুযায়ী, সেগুলি মূল ইসিআই পিডিএফ-এর সঙ্গেও মিলিয়ে দেখা যাবে।
সার্থকের এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন বিরোধী নেতা থেকে শুরু করে সমাজকর্মীরা। ভোটার তালিকাকে আরও সহজলভ্য করা এবং সরকারি ব্যবস্থায় স্বচ্ছতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাঁচির সার্থকের এই উদ্যোগ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল।