মহাকাশে নতুন মাইলফলক! আইএসএস থেকে কতটা আলাদা চীনের তিয়াংগং স্টেশন?

পাকিস্তানের প্রথম মহাকাশচারী হিসেবে মহাকাশে পাড়ি জমিয়ে ইতিহাসে নাম লেখালেন মুহাম্মদ জিশান আলী। চীনের শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানের অংশ হিসেবে তিনি তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেন এবং ২৫ নভেম্বর স্থানীয় সময় সকালে সেখানে পৌঁছে যান। তাঁর সঙ্গে একটি চীনা দলও রয়েছে। এই অভিযানের আবহেই নতুন করে আলোচনায় এসেছে চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনের আকার এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস-এর সঙ্গে এর পার্থক্যের বিষয়টি।

জানা গেছে, ২৫ নভেম্বর ২০২৬ তারিখে চীনের জিউচুয়ান লঞ্চ সেন্টার থেকে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয় এবং প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তা তিয়াংগং স্টেশনের সঙ্গে সংযুক্ত হয়। এই অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে থাকা জিশান আলীই প্রথম পাকিস্তানি নাগরিক, যিনি সফলভাবে পৃথিবীর কক্ষপথে পৌঁছলেন। এর আগে ২০২৩ সালে নামিরা সেলিম একটি সাব-অরবিটাল ফ্লাইটে মহাকাশে গেলেও সেটি পৃথিবীর কক্ষপথে পৌঁছায়নি। জিশান আলী তিয়াংগং স্টেশনে সর্বোচ্চ ১০ দিন অবস্থান করবেন এবং শেনঝৌ-২৩ মহাকাশযানে করে ফিরে আসবেন।

চীনের তিয়াংগং এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মধ্যে সবচেয়ে বড় তফাত হলো নির্মাণের ধরন ও মালিকানায়। তিয়াংগং মহাকাশ স্টেশনটি এককভাবে চীন নির্মাণ করেছে তার মানব মহাকাশযাত্রা কর্মসূচির অংশ হিসেবে, যেখানে আইএসএস বেশ কয়েকটি দেশের যৌথ ও বহুজাতিক অংশীদারিত্বে তৈরি হয়েছে।

আকার ও ওজনের দিক থেকেও দুই স্টেশনের মধ্যে পার্থক্য রয়েছে। পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উচ্চতায় অবস্থান করে উভয় স্টেশনই বৈজ্ঞানিক গবেষণা ও দীর্ঘমেয়াদী মানব অভিযানের কাজে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিস্তার প্রায় ১০৯ মিটার এবং ওজন প্রায় ৪২০ মেট্রিক টন। অন্যদিকে, চীনের তিয়াংগং স্টেশনের তিনটি প্রধান মডিউলের প্রতিটির ওজন প্রায় ৬৬ মেট্রিক টন।

যদিও উভয় মহাকাশ স্টেশনই প্রায় একই উচ্চতায় কক্ষপথে কাজ করে, তবে এদের আকার, নির্মাণকৌশল এবং পরিচালনার কাঠামো একে অপরের থেকে আলাদা। জিশান আলীর এই যাত্রার মাধ্যমে মহাকাশ অভিযানে নতুন একটি অধ্যায় যুক্ত হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *