ঘিঞ্জি গলিতে বিপাকে দমকল! তিনতলা বাড়ির আগুন নেভাতে হিমশিম অবস্থা

ফের অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। এবার আগুন লাগল মল্লিকবাজার এলাকায়। বুধবার দুপুরে ওই এলাকার একটি তিনতলা বাড়িতে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে বাড়ির একটি অংশ এবং ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন তখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

দমকল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিনতলা বাড়ির নিচতলায় একটি কাপড়ের গোডাউন রয়েছে। দুপুর ২টো নাগাদ ওই গোডাউনে আগুন লাগে। ভেতরে প্রচুর কাপড় ও দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে গেলেও পরে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। শেষ খবর পর্যন্ত আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

দমকল ও পুলিশ সূত্রে আরও খবর, এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি। সরু গলি ছাড়া সেখানে পৌঁছানোর আর কোনও রাস্তা না থাকায় দমকলকর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে যথেষ্ট বেগ পেতে হয়। ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বিভাগও। আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজও শুরু করেন দমকল ও বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা। কারণ, যে অংশে আগুন লেগেছে, তার উপরের তলাগুলোতে বেশ কয়েকটি পরিবার বসবাস করেন।

কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের তরফে জানানো হয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান, যদিও অগ্নিকাণ্ডের নেপথ্যে অন্য কারণও থাকতে পারে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে হতাহতের কোনও খবর মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *