এআই টিভি চ্যানেলে বড় ধাক্কা! পেটেন্ট খারিজের খবরে তুঙ্গে জল্পনা

নিজস্ব টিভি চ্যানেল আনার কথা ভাবছে গুগল। সেই মতো পেটেন্ট চেয়ে আবেদনও জানিয়েছে সংস্থাটি। তবে প্রচলিত টিভি চ্যানেল নয়, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই নির্ভর টিভি চ্যানেল আনার পরিকল্পনা রয়েছে তাদের। এমন একটি টিভি চ্যানেলের পেটেন্টের জন্য আবেদন করা হয়েছে, যা এআই ব্যবহার করে সম্পূর্ণ নতুন ভিডিও তৈরি করতে সক্ষম হবে। ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ভিডিও কনটেন্ট বানিয়ে দেওয়ার পাশাপাশি মূল চরিত্রে তাঁকেও রাখা সম্ভব হবে।
গুগল যে এআই টিভি চ্যানেলের পেটেন্ট চেয়েছে, তাতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দর্শকের রুচি অনুযায়ী নিত্যনতুন ভিডিও কনটেন্ট দেখানো হবে। ২০২৫ সালের ১৩ মে ওই আবেদন জমা দেয় গুগল। পেটেন্টের শিরোনাম ছিল ‘Creating a Channel of Video Experiences Tailored to a User’। অর্থাৎ, প্রতিটি দর্শকের পছন্দ অনুযায়ী আলাদা আলাদা কনটেন্ট তৈরি করবে এআই।
টিভি অ্যাপের মধ্যেই ‘মাই চ্যানেল’ নামের বিশেষ অপশন থাকবে। দর্শক কোন ভাষার কনটেন্ট পছন্দ করেন, তা তৈরি করে দেবে এআই। ব্যবহারকারী কোন অঞ্চলের বাসিন্দা এবং তাঁর বয়স কত, সেসব বিষয়ও বিবেচনায় নেওয়া হবে। দর্শক কী ধরনের সিনেমা, সিরিয়াল বা ভিডিও দেখতে ভালোবাসেন, তার ভিউয়িং হিস্ট্রিও ব্যবহার করা হবে। সেই অনুযায়ী স্বয়ংক্রিয় সার্ভার প্রম্পট তৈরি হয়ে কনটেন্ট বানানোর নির্দেশ যাবে।
পেটেন্টের আবেদনে যে ছবি তুলে ধরা হয়েছে, তাতে দেখা গিয়েছে, বসার ঘরের টিভিতে ‘জন’স চ্যানেল’ নামের একটি চ্যানেল চলছে, যেখানে ক্রাইম, কমেডি কেপার, সাই-ফাই অ্যাডভেঞ্চার, ফান রোমান্টিক কমেডি, অ্যাকশন এবং থ্রিলার এক্সপেরিয়েন্সের মতো আলাদা আলাদা বিভাগ রয়েছে। দর্শক নিজের পছন্দমতো সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক টাইমার সেট করে নিজে থেকেই কনটেন্ট তৈরির ব্যবস্থা করে নিতে পারবেন।
শুধু তাই নয়, চাইলে নিজের বসার ঘরের টিভিতে নিজেকেই অভিনয় করতে দেখতে পারবেন দর্শক। তাঁর ছবি ব্যবহার করে অ্যাভাটার তৈরি করে নেবে এআই। কণ্ঠস্বরের নমুনা থেকে অবিকল গলার আওয়াজও তৈরি করা হবে। প্রধান চরিত্রে সংশ্লিষ্ট দর্শককেই রেখে বানানো হবে কনটেন্ট। আবার বিশ্বকাপ ম্যাচে যদি কেউ নিজেকে শামিল করতে চান, তাও সম্ভব হবে। বিশ্বকাপ ক্রিকেটের কোনও ক্লিপ দেখার সময় গুগলের টিভি সিস্টেম এমন দৃশ্য তৈরি করতে পারবে, যেখানে ব্যাটিং চলাকালীন গ্যালারি বা স্ট্যান্ডে নিজেকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখতে পাবেন দর্শক।
বাজারে ইতিমধ্যেই গুগল টিভি হোম স্ক্রিন চালু রয়েছে। ফাস্ট চ্যানেল আবার সকলের জন্য একই জিনিস সম্প্রচার করে। ইউটিউব টিভির অটোপ্লে আগের ভিডিও দেখায়। কিন্তু গুগলের নতুন এই ভাবনা একেবারে নতুন নতুন ভিডিও তৈরি করবে। গুগলের ওই টিভি কবে আসবে, তা এখনও স্পষ্ট নয়; কারণ তাদের পেটেন্টের আবেদন খারিজ হয়েছে বলেই জানা যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। এর পর দর্শকরা টিকিট কেটে সিনেমা হলে যাবেন কি না কিংবা সাধারণ টিভি দেখবেন কি না, তা নিয়ে সন্দিহান অনেকেই।