বাংলা থেকে পাঞ্জাব—সপ্তম পে কমিশন নিয়ে জোর চর্চা! কর্মচারী ও পেনশনভোগীদের স্বার্থে কী বার্তা?

সরকারি কর্মীদের বহু অপেক্ষার পর বাংলায় ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশনের। সরকার ক্ষমতায় আসার পরপরই নতুন বেতন কমিশন নিয়ে পদক্ষেপ করেছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকেই তা লাগু হতে পারে। যদিও কমিশন গঠন হওয়ার পর থেকেই এর কর্মপদ্ধতি ও গতিপ্রকৃতি নিয়ে সরকারি ও সরকার পোষিত কর্মচারীদের একাংশের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে শুধু বাংলা নয়, পাঞ্জাবেও সপ্তম বেতন কমিশন নিয়ে চর্চা তুঙ্গে।
চর্চায় সপ্তম বেতন কমিশন পাঞ্জাবে ডিএ (DA) ইস্যুতে বিতর্ক রয়েছে এবং সেই জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এর মাঝেই বিজেপি নেতা কেবল সিং ধিলন মঙ্গলবার রাজ্যের সপ্তম বেতন কমিশন গঠনে বিলম্বের জন্য ভগবন্ত মান নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ) সরকারের সমালোচনায় সরব হন। তাঁর অভিযোগ, এই দেরির ফলে সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা সময়মতো বেতন ও পেনশন সংশোধনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
তাঁর কথায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সপ্তম পাঞ্জাব বেতন কমিশন গঠিত হওয়ার কথা থাকলেও রাজ্য সরকার এখনও সেই প্রক্রিয়া শুরু করেনি। কেন্দ্রের সরকারি কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠিত হয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে এনে পাঞ্জাব সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি।
কেবল সিং ধিলন বলেন, কর্মরত কর্মচারী ও অবসরপ্রাপ্তদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বেতন ও পেনশন সংশোধনের সুপারিশ করার জন্য প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন গঠন করা হয়। তাঁর দাবি, রাজ্য সরকার সরকারি কর্মচারীদের প্রাপ্য সুবিধাগুলি প্রত্যাহার করে নিচ্ছে।
শুধু তাই নয়, এই বিলম্বের কারণে প্রায় ৮ লক্ষ কর্মচারী ও পেনশনভোগী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও দাবি করেছেন তিনি। একই সঙ্গে পাঞ্জাবে বিজেপি সরকার ক্ষমতায় এলে সকল রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীর উদ্বেগের সমাধান করার প্রতিশ্রুতিও দিয়েছেন ধিলন।