‘নির্বাচন বিনা কারণে বন্ধ থাকুক চাই না!’ কলকাতা পুরভোট মামলা হাইকোর্টে ফেরানোর ইঙ্গিত সুপ্রিম কোর্টের

কলকাতা পৌরনিগমের আসন পুনর্বিন্যাস মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সোমবারের পর বুধবারও শীর্ষ আদালতে এই মামলার শুনানি হয় এবং উঠে আসে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ। আদালতের স্পষ্ট সওয়াল, “নির্বাচন বিনা কারণে দীর্ঘদিন বন্ধ থাকুক আমরা চাই না।” কলকাতা হাইকোর্টেই এই মামলা ফেরত পাঠাতে চায় সুপ্রিম কোর্ট—এমনই ইঙ্গিত দেন বিচারপতি জয়মাল্য বাগচী।
বুধবার শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আমরা চাই এই মামলা ডিভিশন বেঞ্চে ফেরত পাঠাতে। ডিভিশন বেঞ্চ সব দিক খতিয়ে না দেখে রায় দিয়েছে, আমরা এই বক্তব্য মানছি। আমরা ডিভিশন বেঞ্চের অর্ডার আপাতভাবে খারিজ করতে চাই এবং আবার সব দিক খতিয়ে দেখে ডিভিশন বেঞ্চ নতুন অর্ডার দিক, এটা আমাদের প্রস্তাব। সিঙ্গেল বেঞ্চে যে মূল মামলা আছে, তা ডিভিশন বেঞ্চে ট্রান্সফার করা হোক—এটাই আমাদের মতামত।” এই প্রস্তাবের তীব্র আপত্তি জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালতে তিনি বলেন, “আমার বক্তব্য শোনা হোক। মামলা সোমবার পর্যন্ত স্থগিত রাখা হোক। সোমবার আমি সওয়াল করতে চাই।”
অন্যদিকে, সুপ্রিম কোর্টের এই প্রস্তাবকে—অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা ফেরানোর বিষয়টিকে—সমর্থন জানান তৃণমূলের তরফে অভিষেক মনু সিঙভি এবং সিপিএমের তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিচারপতি জয়মাল্য বাগচী জানান, “আমরা চাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হোক। নির্বাচন বিনা কারণে দীর্ঘদিন বন্ধ থাকুক আমরা চাই না।” এরপরই মামলা ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানোর ইঙ্গিত মেলে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “আমরাও চাইছি হাইকোর্টে শুনানি হোক। দেখুন, যতক্ষণ না শুনানি হচ্ছে, নির্বাচন হবে না।”
মামলার প্রেক্ষাপট ১৪৪ থেকে বাড়িয়ে কলকাতা পৌরনিগমের ওয়ার্ড সংখ্যা ২০৯ কীভাবে করা হলো, সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সিপিএমের প্রাক্তন কাউন্সিলর দীপু দাস। তাঁর অভিযোগ, আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া মানা হয়নি; জনসংখ্যার ভিত্তিতে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এই পুনর্বিন্যাস হয়েছে। তবে সেই মামলায় হাইকোর্টের একক বেঞ্চ কোনও স্থগিতাদেশ দেয়নি, ফলে পুরভোটের ক্ষেত্রে কোনও বাধা ছিল না। সিঙ্গল বেঞ্চ স্থগিতাদেশ না দেওয়ায় ডিভিশন বেঞ্চে আবেদন করেন মামলাকারী। গত ৬ নভেম্বর ভোটের নির্ঘণ্ট ঘোষণার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। জানানো হয়, সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্ধিত আসনে ভোট ঘোষণা করা যাবে না। এর পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার; পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব এই মামলা দায়ের করেন।
সোমবারের শুনানিতে কী হল? গত সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে আদালত প্রশ্ন তোলে, যে পুরবোর্ডের অস্তিত্বই নেই, পৌর প্রশাসক কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করতে পারেন? এর জবাব দিতে পারেননি সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং তিনি শুনানি স্থগিত রাখার আবেদন জানান। বুধবারও তিনি মামলা স্থগিতের আবেদন জানালে সুপ্রিম কোর্টের বেঞ্চ মামলাটি ফের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানোর পর্যবেক্ষণ দেয়।