গাঢ় কমলা কুসুম কি বেশি পুষ্টিকর? ডিমের রঙের আসল রহস্য জানুন

ডিম ভাঙার পর প্লেটে কখনও হালকা হলুদ, আবার কখনও গাঢ় কমলা কুসুম দেখা যায়। গাঢ় কমলা রং দেখেই অনেকেই মনে করেন, ওই ডিম বোধহয় পুষ্টিগুণে বেশি সমৃদ্ধ। তবে বাস্তব চিত্রটি কিছুটা আলাদা। বিশেষজ্ঞদের মতে, কুসুমের এই রঙের পার্থক্যের আসল কারণ লুকিয়ে রয়েছে মুরগির দৈনন্দিন খাবারে। মার্কিন কৃষি দপ্তর জানিয়েছে, খাদ্যে থাকা ক্যারোটিনয়েড ও জ্যান্থোফিলের মতো প্রাকৃতিক রঞ্জক পদার্থ কুসুমের রঙের তারতম্য ঘটায়।
মুরগির খাবারে হলুদ ভুট্টা, গাঁদা ফুলের পাপড়ি, সবুজ শাকসবজি বা আলফালফা বেশি থাকলে কুসুম গাঢ় কমলা রঙের হয়। অন্যদিকে, খাবারে এসব প্রাকৃতিক রঞ্জকের পরিমাণ কম হলে কুসুম হালকা হলুদ দেখায়।
ইউনিভার্সিটি অফ ইলিনয় এক্সটেনশনের তথ্য অনুযায়ী, গাঢ় কমলা কুসুম মূলত মুরগির খাদ্যাভ্যাসের ফল। শুধুমাত্র কুসুমের গাঢ় রং দেখে মুরগিটিকে কোন পরিবেশে বা কীভাবে পালন করা হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যায় না।
কমলা কুসুমেই বাড়তি পুষ্টি রয়েছে—এমন ধারণারও বিশেষ ভিত্তি নেই। বিশেষজ্ঞদের বক্তব্য, হলুদ বা কমলা—উভয় রঙের কুসুমেই প্রোটিন, উপকারী চর্বি, ভিটামিন ও খনিজ উপাদান প্রায় সমান পরিমাণে থাকে।
ক্যারোটিনয়েড বেশি থাকার কারণে কমলা কুসুমে লুটেইন ও জিয়াজ্যানথিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট কিছুটা বেশি থাকতে পারে। তবে এর অর্থ এই নয় যে এতে হলুদ কুসুমের তুলনায় বেশি প্রোটিন বা ভিটামিন রয়েছে।
তাই পুষ্টি ও স্বাস্থ্যের দিক থেকে কোনো একটি রংকে এককভাবে সেরা বলা ঠিক নয়। ডিম কেনার সময় কেবল রঙের দিকে না তাকিয়ে ডিমের সতেজতা এবং সংরক্ষণের মানের ওপর গুরুত্ব দেওয়া উচিত।
মার্কিন কৃষি দপ্তরের মতে, কুসুমের রং দেখে ডিম কতটা টাটকা বা পুরনো তা বোঝা সম্ভব নয়। তাই ডিম সঠিকভাবে সংরক্ষণ করা এবং সাদা অংশ ও কুসুম ভালোভাবে রান্না করে খাওয়া নিরাপদ।