রাত সাড়ে ৩টেয় চুপিচুপি ‘আই লাভ ইউ’, জীতু-সৃজলার সম্পর্কে বড় মোড়?

বিগ বসের অন্দরমহলে জীতু কমল এবং সৃজলা গুহর সমীকরণ এখন আলোচনার কেন্দ্রে। একদিকে চুপিচুপি বলা ভালোবাসার কথা, আর অন্যদিকে গভীর রাতে ভবিষ্যতের হিসাবনিকাশ—সব মিলিয়ে ঘরের পরিবেশ বেশ সরগরম হয়ে উঠেছে। সৃজলা কার উদ্দেশে মনের কথা বললেন, তা নিয়ে দর্শক ও সহপ্রতিযোগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
ঘটনার শুরু রাতের কিছুটা আগে। সৃজলার হাত ধরে বারবার মনের কথা জানতে চাইছিলেন জীতু। আঙুলে আঙুল জড়িয়ে তাঁর অনুরোধ ছিল স্পষ্ট। তবে জীতু সামনে থাকাকালীন সৃজলা কোনো কথা বলেননি। জীতু সেখান থেকে সরে যাওয়ার পরই পরিস্থিতি বদলে যায়। নিঃশব্দে ‘আই লাভ ইউ’ বলে ওঠেন সৃজলা। কিন্তু এই কথা তিনি জীতুর জন্য বলেছেন, নাকি তাঁর বর্তমান সঙ্গীর উদ্দেশে, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।
এরপর ঘড়ির কাঁটায় যখন রাত সাড়ে ৩টে, তখন দু’জনের কারও চোখেই ঘুম নেই। সরাসরি সৃজলাকে জীতু প্রশ্ন করেন, বর্তমান সঙ্গীর সঙ্গে তিনি কি সারাজীবন কাটাতে পারবেন। উত্তরে সৃজলা জানান, তাঁর কাছে এটাই বাস্তবসম্মত সিদ্ধান্ত বলে মনে হচ্ছে। সৃজলার বক্তব্য, জীবনে কেবল নিজের কথা ভাবার অবকাশ তাঁর নেই। পারিবারিক ও ব্যক্তিগত নানা দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। অতীতের কিছু টানাপোড়েনের কথাও উঠে আসে তাঁর কথায়। তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক খতিয়ে দেখতে চান তিনি।
তবে সৃজলার এই যুক্তিতে সহমত নন জীতু। তাঁর পর্যবেক্ষণ, সৃজলা অত্যন্ত স্বাধীনচেতা। অন্য কারও সঙ্গে মানিয়ে নিয়ে দীর্ঘদিন চলা তাঁর পক্ষে সহজ হবে না বলেই মনে করেন জীতু। এমনকি দু’বছর চেষ্টার পরও সৃজলা সেই সম্পর্ক থেকে সরে আসতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আলোচনা আরও গভীর হয় যখন সৃজলার আঘাত পাওয়ার প্রসঙ্গ আসে। সৃজলা চোট পাওয়ার সময় তাঁর বর্তমান সঙ্গীর একটি ভিডিয়ো দেখার কথা জানান জীতু। অভিনেতার দাবি, ওই ভিডিয়োতে সঙ্গীর চোখে কোনো আবেগ দেখা যায়নি। জীতু স্পষ্ট করে দেন যে সৃজলাকে ছাড়া থাকা তাঁর পক্ষে কঠিন। পাশাপাশি ভুল মানুষকে জীবনসঙ্গী করলে সংসারে নিত্যদিনের অশান্তি তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
জীতুর মতে, সৃজলার সঙ্গে চলতে গেলে পরিণত মানসিকতা প্রয়োজন। সম্পর্কের স্বার্থে তিনি নিজেও নিজের স্বভাব বদলে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে জানান। কিন্তু একতরফা চেষ্টায় কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না, এই বাস্তবতাও তুলে ধরেন অভিনেতা। কথার শেষে ফাইনালের পর চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত দেন তিনি। খেলার প্রসঙ্গ টেনে জীতু বলেন, একা ব্যাট করলে চলবে না, অপর প্রান্ত থেকে বল করে খেলায় অংশ নিতে হবে। হাতে আর মাত্র ১২ দিন বাকি। এই সময়ের মধ্যে জীতু ও সৃজলার সম্পর্কের সমীকরণ কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে সবাই।