এফএসএসএআই-এর স্পষ্টীকরণের পর মুখ খুলল বিসলেরি! গোয়ার ব্যাচ নিয়ে কী জানাল সংস্থা?

প্যাকেটজাত পানীয় জল নিয়ে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএআই (FSSAI)-এর স্পষ্টীকরণকে স্বাগত জানাল বিসলেরি ইন্টারন্যাশনাল। সংস্থার দাবি, নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপটি কেবল ২০২৫ সালের সেপ্টেম্বরে তাদের গোয়া প্ল্যান্টে তৈরি একটিমাত্র ব্যাচের ক্ষেত্রেই প্রযোজ্য এবং ওই ব্যাচের কোনও স্টক বর্তমানে বাজারে নেই।

মঙ্গলবার জারি করা এক বিবৃতিতে বিসলেরি জানিয়েছে, গত ২৩ নভেম্বর এফএসএসএআই স্পষ্ট করেছে যে পুনঃপরীক্ষায় বিতর্কিত ব্যাচের নমুনায় ব্রোমেটের মাত্রা অনুমোদিত সীমার মধ্যেই ছিল। সংস্থার বক্তব্য, ১৪ মাস আগে তৈরি একটিমাত্র ব্যাচের নমুনা ঘিরে এই ঘটনা ঘটেছে, যা তাদের সব উৎপাদন কেন্দ্রের পণ্যের মানকে প্রতিফলিত করে না। গোয়া ইউনিটে তৈরি তথাকথিত অনিরাপদ পানীয় জলের অভিযোগে খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে প্রসিকিউশন অনুমোদন করার কয়েক দিনের মধ্যেই এই বক্তব্য সামনে এল।

বিসলেরির দাবি অনুযায়ী, বিক্রিতে নিষেধাজ্ঞা সংক্রান্ত এফএসএসএআই-এর নির্দেশ শুধুমাত্র গোয়া প্ল্যান্টে ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর তৈরি ‘ব্যাচ জিও ২৭০’ (Batch GO 270)-এর ক্ষেত্রেই প্রযোজ্য। সংস্থাটি বছরে ৫০,০০০-এরও বেশি ব্যাচ উৎপাদন করে এবং তাদের দাবি, বিতর্কিত ওই ব্যাচের কোনও মজুত বাজারে অবশিষ্ট নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *