পদ খারিজের নোটিসে শেষ দিনে উত্তর NCPI সাংসদদের: শুরু রাজনৈতিক চাপানউতোর

অবশেষে স্পিকারকে জবাব দিয়েছেন এনসিপিআই (NCPI) সাংসদরা। কেন তাঁদের সাংসদ পদ খারিজ করা হবে না, সে বিষয়ে চিঠি দিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন তাঁরা। গতকাল কয়েকজন সাংসদ জবাব দেওয়ার পর আজ বাকি সাংসদরাও উত্তর জমা দেন। আর এই শেষ দিনে জবাব দেওয়া নিয়ে এবার এনসিপিআই সাংসদদের কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
পাঁচবার সময় বাড়ানোর আবেদন করে তবেই তাঁরা উত্তর দিয়েছেন বলে কটাক্ষ করেছেন সৌগত রায়। তাঁর কথায়, “একবার নয়, দুইবার নয়, তিনবার নয়; ওঁরা তো এই জবাব দিলেন পাঁচবার এক্সটেনশন নেওয়ার পর। শেষ দিনে। তার মানে ওদের কোনও পরিষ্কার উত্তর ছিল না। এবং মজার ব্যাপার হলো যে বিধায়করা আমাদের পার্টি ছেড়ে গিয়েছে, তারাও ওই রকম পাঁচবার এক্সটেনশন চেয়েছেন।”
দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই যদিও দাবি করছে, তারা এই আইনের আওতায় পড়ে না। তা সত্ত্বেও সৌগত রায়ের বক্তব্য, এই বিষয়ে তাঁরা কোনও স্পষ্ট যুক্তি দেননি। তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ওঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। দলত্যাগ বিরোধী আইনের দশম শিডিউলে অভিযোগ করেছিলেন তিনি। এখন এটা বিচার হোক। স্বেচ্ছায় সেই দলের সদস্যপদ ছেড়েছেন। সুতরাং ওঁরা তো দলত্যাগ করেছেন। এখন কেন করেছেন, কীভাবে করেছেন, সেই ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমাদের নয়। কারণ, ৮৪ দিন পর ওঁরা জবাব দিলেন, শেষ দিনে। ওঁরা যে স্বেচ্ছায় দল ছেড়ে দিলেন, কেন ছেড়ে দিলেন দল, তার কোনও যুক্তি তো ওঁরা দেননি।”
অন্যদিকে, বাঁকুড়ার তালডাংরার সাংসদ অরূপ চক্রবর্তীর দাবি, “ওঁরা যেমন উত্তর চেয়েছেন, তেমন উত্তর দিয়েছি। আমরা বলেছি আমরা ভারতীয় সংবিধানে থাকা কোনও নিয়মই লঙ্ঘন করিনি। কারণ, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর যে অবস্থা তৈরি হয়েছিল, সেখানে আমাদের একটা বৈঠক হয়। আমরা সাংসদরা বসে সিদ্ধান্ত নিই, এই মুহূর্তে আমাদের সংগঠনকে রাখতে গেলে, মানুষের শ্রদ্ধা রাখতে গেলে আমাদের একটা টিম তৈরি করা উচিত। তখন আমরা এনসিপিআই তৈরি করি। এবং আমরা স্পিকারকে জানিয়ে দিই।”