২০২৯-এর মধ্যে পঞ্জাব মাদকমুক্ত করার অঙ্গীকার! পুরনো শরিককে পাশে নিয়ে বড় বাজি অমিত শাহের

আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের একসঙ্গে পথ চলার ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং শিরোমণি অকালি দল (এসএডি)। মঙ্গলবার গুরু নানক দেবের জন্মবার্ষিকীর দিন নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে এক যৌথ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

জোট ঘোষণার পাশাপাশি পঞ্জাবের শাসকদল আম আদমি পার্টি (আপ)-কে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। তাঁর অভিযোগ, ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, আপ সরকার তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। অমিত শাহ জানান, মঙ্গলবার থেকেই দুই দল এনডিএ-র সরকারি শরিক হিসেবে কাজ শুরু করবে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে যৌথভাবে লড়বে।

সাংবাদিক সম্মেলনে পঞ্জাবের জন্য জোটের মূল অগ্রাধিকার ও লক্ষ্যগুলিও তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পঞ্জাবে মাদকাসক্তি ও দুর্নীতি নির্মূল করাই হবে তাঁদের প্রধান লক্ষ্য। পাশাপাশি কৃষকদের স্বার্থরক্ষা, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলার উন্নতি এবং হিন্দু-শিখ সম্প্রীতি ও জাতীয়তাবাদী শক্তিগুলিকে শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেওয়া হবে বলে জানান তিনি। মাদকবিরোধী লড়াইয়ে একটি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়ে অমিত শাহ আশ্বাস দেন, ২০২৯ সালের মধ্যে পঞ্জাবকে মাদকমুক্ত করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিনের পুরনো শরিক বিজেপি ও শিরোমণি অকালি দল আবারও এনডিএ-র ছাতার তলায় ফিরে আসায় পঞ্জাবের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হলো। আগামিদিনে দুই দলের শীর্ষ নেতৃত্ব বিস্তারিত ইস্তাহার ও নির্বাচনী রণকৌশল চূড়ান্ত করবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *