৩০০ মাইক্রো প্রোজেক্ট ও ব্লকে ব্লকে ‘গৌরী মেলা’! নিউটাউনের মঞ্চ থেকে মহিলাদের জন্য আর কী ঘোষণা মুখ্যমন্ত্রীর

বছর শেষের আগে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজি (SHG)-এর মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নিউটাউনে ‘গৌরী মেলা’র উদ্বোধনী মঞ্চ থেকে তিনি জানান, বিগত ছয় বছর ধরে আটকে থাকা ইন্টারেস্ট সাবভেনশনের টাকা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই সরাসরি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহজ শর্তে ঋণ হিসেবে কেন্দ্রীয় সরকার এই ইন্টারেস্ট সাবভেনশন দেয়, যার একটি অংশ ভর্তুকি হিসেবে মেলে। গত ছয় বছর ধরে এই খাতের অর্থ আটকে থাকলেও এ বছর কেন্দ্রের তরফে ২৫০ কোটি টাকা এসেছে বলে জানান তিনি। যথাসময়ে ঋণ নিয়ে তা পরিশোধ করার পুরস্কার হিসেবেই এই অর্থ মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
দফতরের সঙ্গে যুক্ত প্রায় ছয় লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হওয়ার পর ইতিমধ্যেই প্রায় ১৫০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাকি টাকাও আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট গোষ্ঠীর মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় রাজ্যে ইতিমধ্যেই ৩০০টি মাইক্রো প্রোজেক্ট গ্রহণ করা হয়েছে, যা আগামী দিনে মহিলাদের আরও স্বনির্ভর করে তুলতে সাহায্য করবে এবং ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি পণ্যের ‘গৌরী মেলা’ আগামী দিনে জেলা ও ব্লক স্তর পর্যন্ত ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও এদিন তুলে ধরেন তিনি।