সংবিধান দিবসে নাগপুরে বড় সমাবেশ! সিজেপি প্রধানের ঘোষণা

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ২৬ নভেম্বর বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাগপুরে সংবিধান চকে একটি সমাবেশ করার ঘোষণা করেছেন। ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালিত হয়। গণতন্ত্র রক্ষা এবং সংবিধান বজায় রাখতে মানুষকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সমাবেশ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে এবং এর স্লোগান হলো গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও। নাগপুরে আয়োজিত এই সভাটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি দুজনেরই জন্মস্থান ও কর্মক্ষেত্র হিসেবে পরিচিত। সমাজমাধ্যম এক্স-এ এই সমাবেশের কথা ঘোষণা করার পাশাপাশি ড. বি. আর. আম্বেদকরের ছবি সংবলিত একটি পোস্টারও শেয়ার করেছেন অভিজিৎ দিপকে।
গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে এক্স পোস্টে অভিজিৎ দিপকে লিখেছেন, এই সংবিধান দিবসে আসুন আমরা সবাই মিলে গণতন্ত্র রক্ষা, সংবিধানের মূল্যবোধ বজায় রাখা এবং ভারতরত্ন ড. বাবাসাহেব আম্বেদকরের দেখানো পথে চলার সংকল্প নিই। ২৬ নভেম্বর নাগপুরে সকলের সঙ্গে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।
এই ঘোষণা এমন সময়ে এসেছে, যখন ২২ নভেম্বর পানাজিতে একটি জনসভা করেছিলেন অভিজিৎ দিপকে। ওই সভায় তিনি কেন্দ্র ও গোয়ার বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলেন। তাঁর দাবি ছিল, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা থেকে নজর ঘোরাতে ধর্মীয় বিভাজনকে উসকে দেওয়া হচ্ছে। নাগপুরের সমাবেশ বিজেপির বিরুদ্ধে তাঁর সেই বক্তব্য ও অভিযোগ তুলে ধরার আরেকটি ক্ষেত্র হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
এর পাশাপাশি সিজেপি লেগ্যাসি অফ বাপু ককরোচ ক্লাব নামে একটি সর্বভারতীয় উদ্যোগের পরিকল্পনা করেছে। কৌতুক, ব্যঙ্গ এবং বৌদ্ধিক আলোচনার সমন্বয়ে মহাত্মা গান্ধীর আদর্শ ও দেশের প্রতি তাঁর অবদান সম্পর্কে সচেতনতা তৈরি করাই এর লক্ষ্য। প্রচলিত আলোচনার বাইরে গিয়ে নতুন প্রজন্মকে আকৃষ্ট করার মতো আঙ্গিকে গান্ধীজির ভাবনা তুলে ধরতে চায় এই উদ্যোগ।
শনিবার, ২১ নভেম্বর পুণেতে এই উদ্যোগের প্রথম কর্মসূচি আয়োজিত হয় এবং এর মধ্য দিয়েই ককরোচ ক্লাবের যাত্রা শুরু হয়। গত কয়েক দিন ধরে সমাজমাধ্যমে রহস্যময় পোস্টার এবং স্টে টিউন্ড বার্তার মাধ্যমে এই ক্লাবকে ঘিরে কৌতূহল তৈরি করা হয়েছিল।