‘আওয়ামী লিগ নয়, লড়াই ভারতের…’, তারেক রহমানের সঙ্গে বৈঠকে সেরে বিস্ফোরক নাহিদ

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণার পর থেকেই উত্তপ্ত ও অস্থির হয়ে উঠেছে সে দেশের পরিস্থিতি। ছড়িয়ে পড়েছে একের পর এক হিংসাত্মক ঘটনা। এই প্রেক্ষাপটে বাংলাদেশে রাজনৈতিক ঐক্যের ডাক দিলেন ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)-র আহ্বায়ক তথা বিরোধী নেতা নাহিদ ইসলাম। পাশাপাশি দ্বিপাক্ষিক নানা ইস্যুতে ভারতকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি।

সোমবার ঢাকার সচিবালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন নাহিদ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, ভারত এক ‘খুনিকে’ আশ্রয় দিচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানোর জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে। নাহিদের দাবি, ভারতের ‘আধিপত্যবাদ’-এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশের সমস্ত রাজনৈতিক শক্তিকে একজোট হতে হবে।

উল্লেখ্য, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ ইতিমধ্যেই বাংলাদেশের রাজপথে সক্রিয় হয়েছে। ঠিক এমন উত্তপ্ত পরিস্থিতিতে নাহিদের এই মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতে নির্বাসনে রয়েছেন শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে তিনি দেশে ফেরার ঘোষণা করায় নতুন করে অশান্তির আবহ তৈরি হয়েছে বাংলাদেশে। সাম্প্রতিক দিনগুলোতে একাধিক হিংসার ঘটনার নেপথ্যে আওয়ামী লিগকেই দায়ী করা হচ্ছে। গত সপ্তাহে হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে বিএনপি-সংশ্লিষ্ট একাধিক সম্পত্তি ও একটি থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এমনকী, প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও আগুন লাগানো হয় বলে খবর।

গঙ্গার জল ও দ্বিপাক্ষিক ইস্যুতে কড়া অবস্থানের দাবি ঢাকাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপি-র চার সদস্যের প্রতিনিধি দলে নাহিদ ইসলাম ছাড়াও ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আখতার হোসেন এবং রাজনৈতিক পরিষদের সদস্য আকরাম হোসেন। বিবিসি বাংলার প্রতিবেদনেও এই বৈঠকের তথ্য উঠে এসেছে।

বৈঠকের পর নাহিদ বলেন, “ভারত একজন খুনিকে আশ্রয় দিচ্ছে। এক গোষ্ঠীকে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে। আমাদের লড়াই এখন আর আওয়ামী লিগের বিরুদ্ধে নয়। এই লড়াই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। ৫ অগাস্টই আমরা আওয়ামী লিগকে পরাজিত করেছি।”

তিনি আরও অভিযোগ করেন, “ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই দেশের মানুষ এবং সমস্ত রাজনৈতিক শক্তিকে একজোট হতে হবে। বাংলাদেশে যা কিছু ঘটছে, তার পিছনে ভারত সরাসরি জড়িত বলেই আমরা মনে করি।”

গঙ্গার জলবণ্টন চুক্তির প্রসঙ্গ টেনেও নয়াদিল্লিকে কড়া বার্তা দেওয়ার দাবি জানান নাহিদ। আগামী ১২ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তাঁর বক্তব্য, আলোচনার টেবিলে বাংলাদেশ যেন নিজেদের ন্যায্য জলের হিস্যা পায়, তা নিশ্চিত করতে হবে সরকারকে। এছাড়া বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা, হাসিনার বিরুদ্ধে রায় কার্যকর এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের বিচার ও আন্দোলনকারীদের নিরাপত্তার দাবিও তুলে ধরে এনসিপি।

অন্যদিকে, ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, নাহিদ আরও দাবি করেন যে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, অথচ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিরিখে ভারত অন্যতম দেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *