অনলাইন শাড়ি বিক্রেতা থেকে ঘরে ঘরে চর্চিত! অভিনয়ে আসবেন তনুশ্রী?

বিগ বস বাংলার সুবাদে এখন খবরের শীর্ষে উঠে এসেছেন জলপাইগুড়ির তনুশ্রী। অনলাইনের সাধারণ শাড়ি বিক্রেতা থেকে আজ তিনি দেশ-বিদেশেও পরিচিত মুখ। বিশেষ করে রিয়েলিটি শোয়ের দৌলতে সর্বত্র তাঁর নাম ছড়িয়ে পড়েছে। বিগ বসের ঘরে তাঁর গলার আওয়াজকে সমীহ করেন অনেকেই। অন্যায় দেখলেই প্রতিবাদ করা এবং সব সময় সত্যের পক্ষে দাঁড়ানোর স্বভাব তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। যে কোনও টাস্কে নিজের পুরোটা উজাড় করে দেন তনুশ্রী। এই সাহসী মানসিকতা ও স্পষ্টবাদী স্বভাবের জোরেই সেলেবদের ভিড়ে নিজের জায়গা তৈরি করতে পেরেছেন তিনি।
এখন বড় প্রশ্ন হল, রিয়েলিটি শোয়ের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে কি বিনোদন জগতে পা রাখতে চান জলপাইগুড়ির তনুশ্রী। বিগ বসের একটি পর্বে তনুশ্রীকে বলতে শোনা গিয়েছিল যে, বিগ বস থেকে বেরিয়ে তাঁরাও এখন ফেমাস। সেই সূত্রেই তাঁর কাছে জানতে চাওয়া হয়, সাধারণ জীবনযাপন থেকে একেবারে আলোকবৃত্তে নিজেকে দেখতে কেমন লাগবে এবং বিগ বস বাংলা শেষে তিনি অভিনয়ে আসবেন কি না। উত্তরে প্রথমে তনুশ্রী জানান, অভিনয়ের প্রস্তাব পেলে হয়তো করবেন না। তবে সেই কথা বলেই নিজের মত বদলান তিনি। তনুশ্রীর কথায়, সাধা লক্ষ্মী পায়ে ঠেলতে নেই, তাই অভিনয়ের প্রস্তাব এলে ভেবে দেখতে পারেন। এর পরেই সৌরভ দাস ও নিরঞ্জন মণ্ডলরা তাঁকে কোনও এক দজ্জাল চরিত্রে দেখার ইচ্ছা প্রকাশ করেন।
জলপাইগুড়ির মেয়ে তনুশ্রীর যাত্রা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায় শাড়ি, ব্লাউজ, কুর্তা এবং অন্যান্য পোশাক বিক্রির ব্যবসার মাধ্যমে। নিউ জলপাইগুড়ির কাছে তাঁর একটি স্টোরও রয়েছে। মাত্র ১৬ বছর বয়সে বিয়ে করেন তনুশ্রী এবং তাঁর ১৫ বছরের একটি মেয়ে রয়েছে। স্টার জলসা ও জিও হটস্টারে সম্প্রচারিত বিগ বস বাংলা সিজন ৩-র ঘরে পা রাখার পর থেকেই তিনি লাইমলাইটে আসেন।
শুরুর দিকে ভরত কলের সঙ্গে তনুশ্রীর বিবাদ নিয়ে বিস্তর আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। যদিও পরের দিকে তাঁদের সম্পর্কের সমীকরণে বদল আসে। নানা পরিস্থিতিতে বিগ বসের ঘরে নিজের দৃঢ়তা ও উপস্থিতি প্রমাণ করেছেন জলপাইগুড়ির তনুশ্রী। এবার শোয়ের পর অভিনয় জগতে তাঁর ভবিষ্যৎ পদক্ষেপ কী হয়, সে দিকেই নজর রয়েছে দর্শকদের।