সনিয়া গান্ধীকে আইনি নোটিস! সাভারকরকে নিয়ে বইয়ে কী লিখেছিলেন?

কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর স্মৃতিকথা বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ বইয়ে বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে করা মন্তব্য ঘিরে বিতর্ক এবার গড়াল আইনি পথে। স্বাধীনতা সংগ্রামী সাভারকরের জীবন ও আদর্শকে বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগ তুলে সনিয়া গান্ধীকে আইনি নোটিস পাঠালেন সাভারকরের নাতি সাত্যকি সাভারকর। নোটিসে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি বইয়ের ওই অংশগুলো স্পষ্ট করা এবং সংশোধনের দাবি জানানো হয়েছে।

সাত্যকির হয়ে আইনজীবী সংগ্রাম কোলহাতকর এই আইনি নোটিসটি পাঠিয়েছেন। তাতে দাবি করা হয়েছে, নোটিস হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে সনিয়া গান্ধীকে এই দাবিগুলো মানতে হবে। যদি তিনি তা না করেন, তবে সাত্যকি সাভারকর আদালতের দ্বারস্থ হয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেবেন বলে জানানো হয়েছে।

নোটিসে উল্লেখ করা হয়েছে, গত ১০ নভেম্বর প্রকাশ হওয়া হার্পার কলিন্স পাবলিশার্স ইন্ডিয়ার এই বইটি সম্প্রতি সাত্যকির নজরে আসে। বইটিতে সাভারকর সম্পর্কে করা মন্তব্য ও ইঙ্গিত পড়ে তিনি অত্যন্ত ব্যথিত ও বিচলিত হন। তাঁর অভিযোগ, বইয়ের ২০১ এবং ৪৪৩ নম্বর পাতায় যে বক্তব্যগুলো রয়েছে, তা তথ্যগতভাবে ভুল, ঐতিহাসিকভাবে বিভ্রান্তিকর এবং সাভারকরের সম্মান ও ঐতিহ্যের পরিপন্থী।

প্রথম আপত্তি জানানো হয়েছে বইয়ের ২০১ নম্বর পাতার বক্তব্য নিয়ে। সেখানে লেখা হয়েছে, যখন কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ শাসকদের হাতে অত্যাচার ও কারাবাস সহ্য করছিলেন, তখন বিনায়ক দামোদর সাভারকরের মতো আরএসএসের শীর্ষ মতাদর্শীরা তাঁদের ঔপনিবেশিক প্রভুদের কাছে ক্ষমা ভিক্ষার আবেদন লিখছিলেন এবং তাঁদের সদস্যরা ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে চরবৃত্তি করছিলেন। আইনি নোটিসে দাবি করা হয়েছে, এই বক্তব্য থেকে এমন একটা ধারণা তৈরি হচ্ছে যে সাভারকর ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে ব্রিটিশদের কাছে খবর পাচার করতেন বা ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতেন। এই ইঙ্গিতকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে নোটিসে। যুক্তি দেওয়া হয়েছে, যে ঐতিহাসিক প্রেক্ষাপটে সাভারকরের কারাবাস, আবেদনপত্র এবং রাজনৈতিক কর্মকাণ্ড বিচার করা উচিত, তার সঙ্গে এই বক্তব্যের কোনও মিল নেই। নোটিসে আরও মনে করিয়ে দেওয়া হয়েছে যে, ব্রিটিশ শাসনে সাভারকর দীর্ঘ কারাবাস ও চরম নির্যাতন সহ্য করেন, যার মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেলে বন্দি থাকার মতো কঠিন সময়ও ছিল। সেই কারাবাসের সময় জমা দেওয়া আবেদনপত্রগুলোর প্রেক্ষাপট ও পারিপার্শ্বিক ঘটনা না বুঝেই সেগুলোর উল্লেখ করে তাঁর জীবন ও রাজনৈতিক সংগ্রামের একটি অসম্পূর্ণ ও বিকৃত ছবি তুলে ধরা হয়েছে।

দ্বিতীয় আপত্তি উঠেছে বইয়ের ৪৪৩ নম্বর পাতার বক্তব্য ঘিরে। ওই পাতায় লেখা হয়েছে, গান্ধীজির সমসাময়িক বিনায়ক দামোদর সাভারকর, যিনি হিন্দুত্ব নামক মতাদর্শের প্রতিষ্ঠাতা, তিনি এক বিপরীত দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। তাঁর মতে ভারত মূলত এমন একটি রাষ্ট্র যেখানে হিন্দুরাই সর্বোচ্চ, যে দৃষ্টিভঙ্গি আরএসএস, বিজেপি এবং দেশজুড়ে ছড়িয়ে থাকা তাদের অসংখ্য সহযোগী সংগঠন, যাদের একত্রে সঙ্ঘ পরিবার বা আরএসএস-এর পরিবার বলা হয়, তারা বহন করে চলেছে। নোটিসে এই অংশটিরও তীব্র বিরোধিতা করে বলা হয়েছে, ভারতের বিষয়ে সাভারকরের দৃষ্টিভঙ্গিকে হিন্দুরাই সর্বোচ্চ হিসেবে দেখিয়ে তাঁর রাজনৈতিক ও আদর্শগত দর্শনের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

প্রসঙ্গত, সনিয়ার এই বইয়ে সাভারকরকে নিয়ে করা মন্তব্যের বিরুদ্ধে এর আগেই সরব হয়েছিল একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা। দলের নেতারা প্রকাশ্যে বইটির পাতা ছিঁড়ে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং বিতর্কিত অংশগুলো বই থেকে বাদ দেওয়ার দাবি তুলেছিলেন। এবার সরাসরি আইনি নোটিসের মুখে পড়লেন সনিয়া গান্ধী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *