দিল্লিতে কি বন্ধ হচ্ছে পুরনো গাড়ি? সুপ্রিম কোর্টের কড়া ইঙ্গিতে বড় বদলের আভাস

দিল্লি-এনসিআর অঞ্চলে বায়ুদূষণ মোকাবিলায় সোমবার কড়া বার্তা দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, জাতীয় রাজধানীতে শুধুমাত্র ভারত স্টেজ-৬ বা বিএস-৬ (BS-VI) নির্গমন মানদণ্ড পূরণকারী যানবাহন চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টি তারা খতিয়ে দেখতে পারে।
পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে বাণিজ্যিক যানবাহনকে দিল্লি থেকে সম্পূর্ণরূপে বাইরে রাখার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রস্তাবও দিয়েছে আদালত।
দিল্লি-এনসিআর এলাকায় বায়ুদূষণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করেন।
সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে যে এনসিআর-এর অন্যান্য অংশে এই নিয়ম কার্যকর না হলেও, দিল্লিতে কেবল বিএস-৬ মানের যানবাহন চালানোর অনুমোদন দেওয়ার বিষয়ে তারা পুরোপুরি স্থির সিদ্ধান্তে রয়েছে।
দিল্লির সীমান্তে গুদাম তৈরির প্রস্তাব
শুনানির সময় আদালত পরামর্শ দেয় যে দিল্লির সীমান্তবর্তী এলাকায় বড় গুদামঘর তৈরি করা হোক, যেখানে বাইরের রাজ্য থেকে আসা বাণিজ্যিক গাড়িগুলো তাদের পণ্য নামিয়ে রাখতে পারবে। এরপর সেই পণ্য ব্যাটারিচালিত ছোট গাড়ি বা অন্যান্য দূষণহীন বাহনের মাধ্যমে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হবে।
বেঞ্চের মতে, এই ব্যবস্থা চালু হলে বাণিজ্যিক যানবাহনের দিল্লি প্রবেশে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হলেও শাকসবজি, ফলমূল এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহে কোনও বাধা পড়বে না এবং সাধারণ মানুষের ভোগান্তিও হবে না।
পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুপারিশ
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ প্রশ্ন তোলে, কেন এমন একটি পথ বের করা হবে না যেখানে বাণিজ্যিক গাড়িগুলো দিল্লিতে ঢুকবেই না, অথচ নাগরিকরা প্রয়োজনীয় সামগ্রী সহজেই পাবেন? সীমান্তের গুদাম থেকে দূষণমুক্ত গাড়িতে করে শহরে পণ্য আনার ব্যবস্থার পক্ষে মত দেন প্রধান বিচারপতি।
যদিও বেঞ্চ এও মেনে নিয়েছে যে এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়তো বাস্তবসম্মত নয়, তবে যানবাহনের ধোঁয়া স্থায়ীভাবে কমাতে আগামী পাঁচ বছরে একটি দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে এটি গড়ে তোলা যেতে পারে।
উল্লেখ্য, দিল্লি-এনসিআর অঞ্চলের বায়ুদূষণ ইস্যুতে স্বতঃপ্রণোদিত হয়ে শুনানি চালাচ্ছে সুপ্রিম কোর্ট, যেখানে যানবাহনের ধোঁয়ার পাশাপাশি বাজি, খড় বা নাড়া পোড়ানো এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।