কেমিক্যালের ফাঁদে পাতা জালেই কেল্লাফতে! এন্টালি ও পুরনিগমে ঘুষকাণ্ডে কী ঘটল?

রাজ্যের দুর্নীতি দমন শাখার দু’টি পৃথক অভিযানে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন দুই সরকারি কর্মী। একটি ঘটনা ঘটেছে কলকাতা শহরের এন্টালি থানায়; সেখানকার এক কর্তব্যরত সার্জেন্ট ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ধরা পড়েছেন। অন্যদিকে, কলকাতা পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডের একটি পাকা বাড়ির মিউটেশন করানোর জন্য পুরনিগমের অ্যাসেসমেন্ট সেলের এক ইনসপেক্টরকে সাড়ে চার হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে দুর্নীতি দমন শাখা বা এসিবি (ACB)।

এসিবি-র হাতে গ্রেফতার পুলিশের সার্জেন্ট

জানা গিয়েছে, কলকাতার এক বাসিন্দার বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলার প্রেক্ষিতে এন্টালি থানা তাঁর গাড়ি আটক করে। অভিযোগ ওঠে, সেই গাড়ি ছাড়িয়ে দেওয়ার নামে থানার এক সার্জেন্ট ১০ হাজার টাকা দাবি করেন। ঘুষ চাওয়ার অভিযোগ পেয়ে ওই ব্যক্তি রাজ্যের দুর্নীতি দমন শাখায় অভিযোগ জানান। অভিযোগের সত্যতা যাচাই করার পর এসিবি-র তরফে একটি ফাঁদ পাতা হয়।

সেই অনুযায়ী, সোমবার ওই পুলিশকর্মীকে ধরার পরিকল্পনা করে দুর্নীতি দমন শাখার একটি বিশেষ তদন্তকারী দল। অভিযোগকারীকে দিয়ে বিশেষ কেমিক্যাল মাখানো ১০ হাজার টাকার নোট ওই সার্জেন্টের কাছে পাঠানো হয়। ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে যান অভিযুক্ত পুলিশকর্মী। একটি বিশেষ সলিউশনে তাঁর হাত চোবানো হলে নোটের কেমিক্যাল লেগে যাওয়ায় হাতের রং বদলে বেগুনি হয়ে যায়। এর পরেই ঘুষ চাওয়া ও নেওয়ার অভিযোগে ওই সার্জেন্টকে গ্রেফতার করে বিশেষ দলটি।

ধৃতের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ শুরু হয়েছে। এ বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক অ্যান্টি করাপশন ব্যুরোর এক আধিকারিক বলেন, “কলকাতা ও রাজ্য পুলিশের একাধিক অফিসারের বিরুদ্ধে বিভিন্ন সময় ঘুষ চাওয়া ও নেওয়ার অভিযোগ আসে। এই সকল অভিযোগের গুরুত্ব সহকারে তদন্ত করা হয়। এটাও সেই রকমই একটি ঘটনা।”

লালবাজার সূত্রে খবর, বেশ কয়েকজন ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। তাঁরা নানা বেআইনি কর্মকাণ্ডে যুক্ত থাকেন বলে অভিযোগ ওঠায় ইতিমধ্যেই সেই সব অসাধু পুলিশকর্মীকে চিহ্নিত করার কাজ চলছে।

গ্রেফতার কলকাতা পুরনিগমের আধিকারিক

অন্যদিকে, কলকাতা পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডের দমদম বীরপাড়ার এক বাসিন্দা তাঁর পাকা বাড়ির মিউটেশন করানোর জন্য আবেদন করেছিলেন। অভিযোগ ওঠে, কাজটি করে দেওয়ার বদলে পুরনিগমের অ্যাসেসমেন্ট সেলের এক ইনসপেক্টর ৪,৫০০ টাকা ঘুষ চান এবং এক মধ্যস্থতাকারীর মাধ্যমে সেই টাকা নেওয়ার ছক কষেন।

ওই নাগরিক বিষয়টি নিয়ে সরাসরি দুর্নীতি দমন শাখায় অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে ২৩ নভেম্বর ফাঁদ পাতে এসিবি। পূর্বপরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে ঘুষের টাকা নেওয়ার সময় ওই মধ্যস্থতাকারীকে হাতেনাতে ধরে ফেলেন আধিকারিকরা। একইভাবে ওই মধ্যস্থতাকারীর হাত বিশেষ সলিউশনে চুবিয়ে প্রমাণ সংগ্রহ করা হয়। এর পরে ঘটনার যোগসূত্র ধরে অভিযুক্ত অ্যাসেসমেন্ট ইনসপেক্টরকে আটক করা হয় এবং পরে দু’জনকেই গ্রেফতার করেছে দুর্নীতি দমন শাখা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *