. থানার ভেতরেই ছুরি হাতে ৫ পুলিশকর্মীর ওপর হামলা! পাল্টা গুলিতে ঘায়েল অভিযুক্ত, দিল্লিতে চাঞ্চল্য

ভারতের রাজধানী দিল্লিতে চাঞ্চল্যকর ঘটনা। জামে মসজিদ থানায় জিজ্ঞাসাবাদের সময় এক যুবক ছুরি দিয়ে পাঁচ পুলিশকর্মীর ওপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় পাঁচজন পুলিশকর্মী আহত হয়েছেন। হামলা চালানোর পর অভিযুক্ত থানা থেকে পালিয়ে যায় এবং পালাতে গিয়ে একটি দু’চাকা গাড়িও চুরি করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরে পুলিশ তাকে ধরতে গেলে সে ফের পুলিশকর্মীদের ওপর চড়াও হয়। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। অভিযুক্তের নাম নাবিল। তাকে গ্রেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ
পুরনো দিল্লির জামে মসজিদ থানায় সোমবার দুপুরে পারিবারিক বিবাদের এক অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ওই যুবককে। সেখানেই সে আচমকা ছুরি নিয়ে পুলিশকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এতে পাঁচ পুলিশকর্মী জখম হন। পরে পাল্টা অভিযানে গুলি চালিয়ে তাকে ধরে পুলিশ। পুলিশের দাবি, থানা থেকে পালিয়ে যাওয়ার পর অভিযুক্তকে খুঁজতে মধ্য জেলার অপারেশনস ইউনিটের একটি দল ঘিঞ্জি এলাকা চিতলি কবারের গলি হাভেলি আজম খানে পৌঁছায়। সেখানে তাকে ধরার চেষ্টা করলে সে পুলিশ দলের ওপর ফের হামলা চালায়। এর জেরে পুলিশ গুলি ছোড়ে এবং তাতে অভিযুক্ত আহত হয়।
পুলিশকর্মীদের গলা ও মুখে আঘাত
মধ্য জেলার ডেপুটি কমিশনার অফ পুলিশ বা ডিসিপি রোহিত রাজবীর সিং জানান, ঘটনাটি ঘটে দুপুর আড়াইটা নাগাদ। মা ও বোনের সঙ্গে পারিবারিক বিবাদ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে নাবিল নামের ওই যুবককে জামে মসজিদ থানায় ডাকা হয়েছিল। সেই সময়ই সে হঠাৎ ছুরি নিয়ে পুলিশকর্মীদের ওপর হামলা করে। পাঁচজন পুলিশকর্মীর গলা ও মুখে আঘাত লাগে। আহতদের প্রথমে সঞ্জীবন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্যার গঙ্গারাম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বাইক নিয়ে চম্পট
পুলিশের বক্তব্য, হামলা চালানোর পর থানা থেকেই একটি দু’চাকা যান ছিনিয়ে নিয়ে চম্পট দেয় অভিযুক্ত। ডিসিপি জানান, অপারেশনস ইউনিটের দল তার পিছু নিয়ে চিতলি কবারের গলি হাভেলি আজম খানে তার হদিস পায়। ধরার চেষ্টা করা হলে সে ফের পুলিশকর্মীদের ওপর চড়াও হয়, যার পর তাকে বাগে আনতে গুলি চালায় পুলিশ।
ডিসিপি জানান, গুলিতে জখম হওয়ার পর অভিযুক্তকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার চিকিৎসা চলছে। এদিকে সোমবার সন্ধ্যায় ডিসিপি সেন্ট্রাল রোহিত রাজবীর সিং স্যার গঙ্গারাম হাসপাতালে যান, যেখানে আহত পাঁচ পুলিশকর্মী ও অভিযুক্ত নাবিল চিকিৎসাধীন রয়েছে।