প্রার্থী পিছু ২ লাখ ও ২টি করে জিপ! ইন্দিরা গান্ধির বিরুদ্ধে পুরনো আইবি রিপোর্ট সামনে এনে তোলপাড় নিশিকান্ত দুবের

নেহরু ও গান্ধি পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ১৯৭৮ সালের ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র একটি পুরনো রিপোর্ট উল্লেখ করে তিনি গান্ধি পরিবারকে তীব্র আক্রমণ করেছেন এবং রাজনৈতিক তহবিল সংগ্রহ ও দুর্নীতির প্রসঙ্গ টেনে এনেছেন।

এক্স (X)-এ ‘কংগ্রেসের অন্ধকার অধ্যায়’ (Congress’s Dark Chapter) শীর্ষক সিরিজের ২৫২তম পর্বে একটি জাতীয় দৈনিকের পুরনো প্রতিবেদন শেয়ার করেন নিশিকান্ত। সেখানে দাবি করা হয়েছে, ১৯৭৮ সালের ২৩ নভেম্বর সংসদ ও সংবাদমাধ্যমে প্রকাশিত আইবি-র রিপোর্টে ভারতীয় রাজনীতিতে ব্যবসায়ীদের সঙ্গে ইন্দিরা গান্ধির আঁতাতের বিষয়টি সামনে এসেছিল।

১৯৭৭-এর নির্বাচন ও ব্যয় নিয়ে দাবি

নিশিকান্ত দুবের অভিযোগ, ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ১১৩ কোটি টাকা ব্যয় করেছিলেন, যার বর্তমান মূল্য অনুযায়ী পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা। তাঁর দাবি, তখন দলের প্রতিটি প্রার্থীকে ২ লক্ষ টাকা এবং দু’টি করে জিপ গাড়ি দেওয়া হয়েছিল।

এ বিষয়ে বিজেপি সাংসদ বলেন, “১৯৭৮ সালের ২৩ নভেম্বর ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র একটি রিপোর্ট ভারতীয় সংসদ ও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এটি ভারতীয় রাজনীতিতে ব্যবসায়ীদের সঙ্গে ইন্দিরা গান্ধির আঁতাতের আসল রূপ সামনে নিয়ে আসে। প্রতিবেদন অনুযায়ী, ১৯৭৭ সালের নির্বাচনে জয়ী হওয়ার জন্য ইন্দিরা গান্ধি ১১৩ কোটি টাকা ব্যয় করেছিলেন; যা বর্তমান মূল্য অনুযায়ী প্রায় ২৫ হাজার কোটি টাকার সমান। লোকসভার প্রতিটি প্রার্থীকে ২ লক্ষ টাকা এবং দু’টি করে জিপ গাড়ি দেওয়া হয়েছিল।”

শিল্পপতি ও বিদেশি সংস্থার প্রসঙ্গ

পুরনো প্রতিবেদনের সূত্র ধরে নিশিকান্ত আরও জানান, আরপিজি (RPG) সংস্থার মালিক আরপি গোয়েঙ্কার বিরুদ্ধে সবচেয়ে বড় অনুদান দেওয়ার অভিযোগ উঠেছিল এবং আয়কর দফতরের অন্তত ৪০টি অভিযানের মুখে পড়েছিলেন তিনি। পাশাপাশি বিড়লা গ্রুপ লাইসেন্স পাওয়ার বিনিময়ে ১৯৫৭ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ক্রমাগত কংগ্রেসকে অর্থ দিত বলেও দাবি করেন তিনি।

নিশিকান্তের কথায়, “আরপিজি কোম্পানির মালিক আরপি গোয়েঙ্কাকে সবচেয়ে বড় অনুদান দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছিল। এই কালো টাকা ব্যবহারের অভিযোগে ১৯৭৭ সালের ৩ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয় এবং আয়কর দফতর ও ইডি (ED)-এর পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মোট ৪০টি অভিযান চালানো হয়েছিল। শাহ কমিশন ও হাজারি কমিশনের প্রতিবেদন অনুযায়ী, ১৯৫৭ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত বিড়লা গ্রুপ কংগ্রেসকে ক্রমাগত অর্থ প্রদানের মাধ্যমে লাইসেন্স পেয়েছিল। কোকাকোলা ও আইবিএম-এর মতো বিদেশি কোম্পানিগুলিও অর্থ দিয়েছিল।”

রাজনৈতিক তহবিল ও সরকার ভাঙার অভিযোগ

নেহরু-গান্ধি পরিবারের বিরুদ্ধে ভারতীয় রাজনীতিতে ঘুষ লেনদেন এবং অবৈধভাবে তহবিল সংগ্রহকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিযোগও এনেছেন নিশিকান্ত দুবে। তাঁর দাবি, আর্থিক অনিয়ম আড়াল করতে পরবর্তী সময়ে ‘প্ররোচনা, ঘুষ, শাস্তি ও বিভাজনের’ কৌশল নিয়ে জনতা পার্টির সরকার ভেঙে দেওয়া হয়েছিল।

বিজেপি সাংসদ বলেন, “ভারতীয় রাজনীতিতে ঘুষ ও অবৈধ তহবিল সংগ্রহের এই ইতিহাস নেহরু-গান্ধি পরিবারের সঙ্গে যুক্ত। এই কেলেঙ্কারি আড়াল করতে ইন্দিরা গান্ধি প্ররোচনা, ঘুষ, শাস্তি ও বিভাজনের পথ বেছে নিয়ে জনতা পার্টিকে ভেঙে দিয়েছিলেন। তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ময়নিহানের লেখা একটি বই অনুযায়ী, ১৯৭৮ সালে সিআইএ (CIA) কংগ্রেসকে অর্থ দিয়েছিল, বিরোধী দলগুলোকে ভেঙে দেওয়ার কাজে সহায়তা করেছিল।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *