বাজেটের চেয়ে ৪৬ শতাংশ বেশি খরচ! আড়াই লক্ষ কোটিতে পৌঁছাতে পারে সারের ভর্তুকি বিল, বড় পূর্বাভাস

২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের সার ভর্তুকি বিল বেড়ে প্রায় ২.৫ লক্ষ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে সোমবার জানিয়েছে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এফএআই)। চলতি অর্থবর্ষের বাজেটে কেন্দ্র সরকারের বরাদ্দকৃত ১.৭১ লক্ষ কোটি টাকার তুলনায় এই অঙ্ক অনেকটাই বেশি। সংস্থার মতে, আন্তর্জাতিক বাজারে সার ও তার কাঁচামালের চড়া দামের জেরে সরকারের ওপর ভর্তুকির চাপ বাড়ছে।
একটি সাংবাদিক সম্মেলনে এফএআই-এর চেয়ারম্যান এস শঙ্করসুব্রহ্মণ্যন জানান, চলতি অর্থবর্ষে প্রকৃত ভর্তুকি ব্যয় বাজেট বরাদ্দের চেয়ে প্রায় ৪৬ শতাংশ বেশি হতে পারে।
তিনি বলেন, শুধুমাত্র ফসফেটিক ও পটাশ সারের ওপরই ভর্তুকি খাতে ব্যয় প্রায় ১ লক্ষ কোটি টাকায় পৌঁছানোর অনুমান করা হচ্ছে। বিশ্ববাজারে দামের ওঠানামা এবং আমদানি খরচ বৃদ্ধিকেই এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শিল্প সংগঠনটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে মোট পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্ট ভিত্তিক সারের ব্যবহার কমে ৬৫ থেকে ৬৭ মিলিয়ন টনে দাঁড়াতে পারে, যেখানে আগের বছর তা ছিল প্রায় ৭০ মিলিয়ন টন। স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতকে এর পেছনের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
সুষম সার ব্যবহারে উৎসাহ দিতে ইউরিয়া সারের ক্ষেত্রেও নিউট্রিয়েন্ট বেসড সাবসিডি বা এনবিএস ব্যবস্থা চালুর পক্ষে সওয়াল করেছেন শঙ্করসুব্রহ্মণ্যন। বর্তমানে এই ব্যবস্থা শুধুমাত্র ফসফেটিক ও পটাশ সারের ক্ষেত্রে কার্যকর রয়েছে।
বিশেষজ্ঞদের একাংশ দীর্ঘদিন ধরেই বলে আসছেন, বর্তমান ভর্তুকি কাঠামো তুলনামূলকভাবে ইউরিয়া ব্যবহারে বেশি প্রণোদনা দেয়। এর ফলে সারের ভারসাম্যহীন ব্যবহার বাড়ছে এবং মাটির স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
এফএআই প্রধান আরও জানান, সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দামে কিছুটা নমনীয়তা দেখা গেছে এবং বর্তমানে তা প্রতি টনে প্রায় ৩৫০ ডলারের কাছাকাছি রয়েছে। তবে অন্যান্য পুষ্টি উপাদান ও কাঁচামালের দাম এখনও চড়া থাকায় সামগ্রিক ভর্তুকির বোঝায় চাপ বজায় রয়েছে।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে কেন্দ্র সরকার সার ভর্তুকির জন্য ১.৭১ লক্ষ কোটি টাকার সংস্থান করেছিল।
নভেম্বরের শুরুতে সরকার রবি ২০২৬-২৭ মরশুমের জন্য ফসফেটিক ও পটাশ সারের ক্ষেত্রে প্রযোজ্য এনবিএস হারে অনুমোদন দিয়েছে। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত এই হার কার্যকর থাকবে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রবি ২০২৬-২৭ মরশুমের জন্য আনুমানিক ভর্তুকি ব্যয় প্রায় ৬২,৩৭০.০২ কোটি টাকা, যা রবি ২০২৫-২৬ মরশুমের নির্ধারিত ৩৭,৯৫২.২৯ কোটি টাকার তুলনায় ৬৪ শতাংশেরও বেশি।