‘পাল্টিবাজ এজেন্টদের কাণ্ডে বিরক্ত মানুষ!’ অভিষেকের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে বড় ইঙ্গিত কুণালের

দলীয় শিবিরে ভাঙন, নেতাদের দলবদল এবং রাজনৈতিক প্রতিকূলতার আবহে ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে নাম না করে দলত্যাগী ও ‘সুবিধাবাদী’ নেতাদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি। একই সঙ্গে তৃণমূলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও দিয়েছেন তাৎপর্যপূর্ণ ইঙ্গিত।
দলবদলু ও ‘সুবিধাবাদী’দের নিশানা
ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ২১ জুলাইয়ের মঞ্চের একটি পুরনো ছবি পোস্ট করে নিজের বক্তব্য তুলে ধরেছেন কুণাল। সেখানে তাঁর নিশানায় মূলত সেই সমস্ত নেতা, যাঁরা একসময় তৃণমূলের ক্ষমতা ও সাংগঠনিক পরিসরের সুবিধা ভোগ করেছেন, অথচ রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই শিবির বদলেছেন কিংবা দলের বিরুদ্ধে সরব হয়েছেন।
কুণালের অভিযোগ, ৪ মে-র আগে পর্যন্ত যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর নিয়ে দলের প্রতীক এবং তহবিলের টাকায় নির্বাচনে লড়েছেন, তাঁরাই এখন ক্ষমতার পালাবদলের পর সুর বদলেছেন। এই নেতাদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন, “দিদি মুখ্যমন্ত্রী থাকলে এরাই তো আলো করে থাকত চারপাশে, মন্ত্রিসভায়, দলে, নানা সরকারি পদে। এই অকৃতজ্ঞ সুবিধাবাদীরা মানুষ হিসেবে ঘৃণ্য। পুলিশ প্রশাসনের মদতে তৃণমূলের ক্ষতি করে বিজেপির সুবিধা করে দেওয়ার চেষ্টা করছে।”
সংগঠন পুনর্গঠন ও রাজনৈতিক পর্যবেক্ষণ
শুধু দলবদল নয়, ক্ষমতার বাইরে চলে যাওয়ার পর তৃণমূল কর্মী-সমর্থকদের উপর অত্যাচার, হামলা, গ্রেফতার এবং কর্মচ্যুতির অভিযোগও তুলেছেন কুণাল। তাঁর বক্তব্য, প্রতিকূল পরিস্থিতিতে যাঁরা দলের পাশে রয়েছেন, তাঁরাই তৃণমূলের প্রকৃত সম্পদ। এই সময় দলকে নতুন করে গুছিয়ে নেওয়া এবং সংগঠনকে শক্তিশালী করাই সবচেয়ে জরুরি বলে মনে করছেন তিনি।
কুণালের কথায়, “অত্যন্ত পরিণত দায়বদ্ধতার সঙ্গে দলকে পুনর্গঠনের সময় এটা। মাথার উপর মমতাদি, তারপর অভিষেক এবং দলের সৈনিকরা। চক্রান্তের পাহাড় ভেঙে কাজটা চলছে।”
রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন কুণাল। তাঁর দাবি, বর্তমান সরকার ও কেন্দ্রের কাজকর্ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় না থাকলেও রাজ্য রাজনীতিতে তাঁর প্রাসঙ্গিকতা কমেনি; বরং বিরোধী শিবিরের লাগাতার আক্রমণই প্রমাণ করছে, বাংলার রাজনীতিতে মমতা ও অভিষেক এখনও গুরুত্বপূর্ণ শক্তি। কুণালের প্রশ্ন, “না হলে বিজেপি এবং তাদের এজেন্টদের কথা ও কাজে দিনরাত মমতাদি, অভিষেক এবং আমাদের দলের নাম করে আক্রমণ চলবে কেন?”
অভিষেকের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে নয়া ইঙ্গিত
তবে কুণালের পোস্টের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ অভিষেকের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে তাঁর পুরনো ভবিষ্যদ্বাণী। বছর দু-তিনেক আগে তিনি জানিয়েছিলেন, ২০৩৬ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চান। সেই বক্তব্যে এখনও তিনি অনড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূল নেতা, তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে সেই সম্ভাবনা আরও আগেই বাস্তব হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
কুণালের কথায়, “বিজেপি ও তার ধান্ধাবাজ পাল্টিবাজ এজেন্টদের কাণ্ডকারখানায় মানুষ এতটাই বিরক্ত, যে সময়টা আরও এগিয়ে আসতেই পারে।”
রাজনৈতিক মহলের একাংশের মতে, কুণালের এই পোস্টের দু’টি দিক রয়েছে। একদিকে দলত্যাগী ও সুবিধাবাদী নেতাদের আক্রমণ করে দলের অনুগত কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি; অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরে তৃণমূলের নেতৃত্বের প্রশ্নেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দল পুনর্গঠনের কথা বললেও, অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাঁর এই ইঙ্গিত নতুন করে জল্পনা উসকে দিল।