উত্তপ্ত বাংলাদেশের মাঝেই বড় ধাক্কা! কলকাতা ও শিলিগুড়িতে ভিসা পরিষেবা বন্ধের ঘোষণা

শিলিগুড়ি ও কলকাতায় বাংলাদেশের ভিসা সংক্রান্ত পরিষেবা আপাতত বন্ধ হচ্ছে। ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রে আর কোনও কাজ হবে না; অনির্দিষ্টকালের জন্য এই দুই কেন্দ্রের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের তরফে ভিসা সংক্রান্ত পরিষেবা পরিচালনার দায়িত্বে থাকা সংস্থার সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ না করার সিদ্ধান্তের জেরেই এই পদক্ষেপ।
গত ১৭ নভেম্বর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার জন্য বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট কলকাতার সংস্থার মধ্যে যে চুক্তি রয়েছে, তার মেয়াদ ৩০ নভেম্বর শেষ হচ্ছে এবং নতুন করে সেই চুক্তি নবীকরণ করা হবে না।
১ ডিসেম্বর থেকে কোথায় জমা পড়বে ভিসার আবেদন?
বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ৩০ নভেম্বরের পর কলকাতা ও শিলিগুড়ির ওই ভিসা আবেদন কেন্দ্রগুলোতে আর আবেদন জমা না দিতে। নতুন ভিসা আবেদন কেন্দ্র কোথায় চালু হবে এবং কোন সংস্থা সেগুলি পরিচালনা করবে, তা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
ফলে আপাতত নতুন কেন্দ্রের ঠিকানা বা আবেদন জমা দেওয়ার বিকল্প ব্যবস্থা সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। নতুন সংস্থার সঙ্গে চুক্তি এবং পরবর্তী নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আবেদনকারীদের অপেক্ষা করতে হবে।
প্রভাব ও কেন্দ্রগুলোর প্রেক্ষাপট
এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে পারেন ভারত-সহ বিভিন্ন দেশের সেই সমস্ত আবেদনকারী, যাঁরা কলকাতা ও শিলিগুড়ির কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশে যাওয়ার ভিসার আবেদন করেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের বহু মানুষের বাংলাদেশে আত্মীয়স্বজন রয়েছেন; পূর্বপুরুষের ভিটে দেখতে কিংবা আত্মীয়দের সঙ্গে দেখা করতে অনেকেই নিয়মিত বাংলাদেশে যান। পাশাপাশি পর্যটন-সহ নানা প্রয়োজনেও প্রতিবেশী দেশে যাতায়াত করেন অনেকে।
উল্লেখ্য, কলকাতার সল্টলেকে ২০২১ সালে এবং শিলিগুড়ির সেবক রোডে ২০২২ সালে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের কাজ শুরু হয়েছিল। এতদিন এই দুই কেন্দ্র থেকেই বাংলাদেশে যাওয়ার ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের কাজ চলত।