পুলিশ সুপার ও জেলা শাসককে তলব করে বিপাকে বিচারক! আইন নিয়ে বিস্ময় প্রকাশ শীর্ষ আদালতের

আদালতের নির্দেশ পালন না করায় পুলিশ সুপারকে শাস্তি দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, জেলা শাসককেও হাজিরার নির্দেশ দিয়ে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছিলেন বিহারের এক অতিরিক্ত দায়রা বিচারক। কিন্তু সেই ক্ষমতা প্রয়োগের আইনি বৈধতা নিয়েই এবার প্রশ্নের মুখে পড়লেন খোদ বিচারক। তাঁর ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির সময় রীতিমতো ক্ষোভ প্রকাশ করল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।
শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি ওই বিচারকের আইন সম্পর্কে ধারণা নিয়েই বিস্ময় প্রকাশ করেন। এমনকী বিচারকের আইনজীবীকে উদ্দেশ্য করে তাঁকে ‘বাহুবলী’র মতো আচরণ বন্ধ করার পরামর্শ দিতে বলেন। আদালতের বক্তব্য, বিচারবিভাগের ক্ষমতা থাকলেও তা কখনও আইনের নির্ধারিত সীমার বাইরে যেতে পারে না।
ঘটনার সূত্রপাত ও আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ
ঘটনার সূত্রপাত বিহারের রোহতাস জেলার সাসারাম আদালতে। সেখানে চতুর্থ অতিরিক্ত দায়রা বিচারকের দায়িত্বে থাকা এক বিচারক একটি অপহরণ মামলার শুনানি চলাকালীন ১০ জনকে দোষী সাব্যস্ত করেছিলেন। মামলার বিচার চলার সময় অভিযোগ ওঠে, অপহরণের শিকার ব্যক্তি আদালতে সাক্ষ্য দেওয়ার সময় নিজের আগের বক্তব্য থেকে সরে গিয়েছেন এবং মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। এরপর ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে এফআইআর দায়ের করার জন্য পুলিশকে নির্দেশ দেন বিচারক। কিন্তু পুলিশ সেই নির্দেশ কার্যকর করেনি বলে অভিযোগ ওঠে।
এরপরই তৎকালীন পুলিশ সুপার রৌশন কুমারের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করেন বিচারক। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএসের ৩৮৪ ধারার অধীনে পুলিশ সুপারের বিরুদ্ধে আদালত অবমাননা বা আদালতের সামনে সংঘটিত অপরাধ সংক্রান্ত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ করেন তিনি। অভিযোগ, আদালতের নির্দেশ পালন না করার কারণে পুলিশ সুপারের উপর এক টাকা জরিমানাও ধার্য করেন বিচারক। একইভাবে জেলা শাসকের উপরও এক টাকা প্রতীকী জরিমানা চাপানো হয়। শুধু তাই নয়, জেলা শাসক এবং পুলিশ সুপার আদালতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেন তিনি এবং সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়।
পাটনা হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট
বিচারকের এই পদক্ষেপের বিরুদ্ধে পাটনা হাই কোর্টের দ্বারস্থ হন সংশ্লিষ্ট পক্ষ। সেখানে বিচারকের ক্ষমতা প্রয়োগের পদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠে। হাই কোর্টের পর্যবেক্ষণ ছিল, যে মূল মামলায় ১০ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং যে রায়ের ভিত্তিতে পুলিশকে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছিল, সেই রায় ও নির্দেশই ইতিমধ্যে উচ্চ আদালতে চ্যালেঞ্জের মুখে রয়েছে। ফলে সেই বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় নিম্ন আদালতের বিচারক কীভাবে নতুন করে এই ধরনের পদক্ষেপ করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলে হাই কোর্ট এবং বিষয়টি বিবেচনাধীন থাকা পর্যন্ত পরবর্তী পদক্ষেপ না করার নির্দেশ দেয়।
এরপর পাটনা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই দায়রা বিচারক। সেই মামলার শুনানিতেই বিচারপতি জয়মাল্য বাগচি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি পর্যবেক্ষণ করেন। তাঁর প্রশ্ন, কোনও পুলিশ আধিকারিক আদালতের নির্দেশ অনুযায়ী এফআইআর দায়ের না করলেই কি সেটিকে আদালতের সামনে সংঘটিত অপরাধ বলে গণ্য করা যায়?
আইনের সীমা নিয়ে সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ
বিচারপতি বাগচির মতে, আদালতের ভিতরে কাউকে চড় মারা, বিচারককে গালিগালাজ করা কিংবা আদালত ছেড়ে যেতে বলা সত্ত্বেও না যাওয়ার মতো ঘটনা আদালতের সামনে সংঘটিত অপরাধের উদাহরণ হতে পারে; কিন্তু আদালতের নির্দেশ পালন না করার প্রতিটি ঘটনাকে সেই একই শ্রেণিতে ফেলা যায় না।
এই প্রসঙ্গে বিএনএসএসের ৩৮৪ ধারা এবং পুরনো ফৌজদারি কার্যবিধির ৩৪৫ ধারার আইনি পরিধি ও প্রয়োগ সম্পর্কে বিচারককে আগে স্পষ্ট ধারণা নেওয়ার পরামর্শ দেয় বেঞ্চ। বিচারপতি বাগচির বক্তব্য, আদালতের সামনে অপরাধ সংঘটিত হওয়া এবং আদালতের নির্দেশ অমান্য করার মধ্যে আইনি পার্থক্য রয়েছে এবং সেই পার্থক্য না বুঝে কোনও আধিকারিককে দোষী সাব্যস্ত করা বা শাস্তি দেওয়া যায় না।
এমনকী জেলা শাসক এবং পুলিশ সুপারকে তলব করে তাঁদের অনুপস্থিতিকে আদালতের সামনে সংঘটিত অপরাধ হিসেবে গণ্য করার এখতিয়ার বিচারকের ছিল কি না, সেই প্রশ্নও তোলে সুপ্রিম কোর্ট। নিজের বিচারিক ক্ষমতা ও এক্তিয়ারের সীমা সম্পর্কে নিশ্চিত না হয়ে কীভাবে এই ধরনের পদক্ষেপ করা হল, তা জানতে চেয়ে বিচারকের আইনজীবীকে ‘বাহুবলী’র মতো আচরণ না করার পরামর্শ দেওয়ার কড়া মন্তব্য করে শীর্ষ আদালত।