শীতে চুল পড়া আর খুশকিতে নাজেহাল? মাত্র এই ১টি তেলই বদলে দেবে চুলের হাল!

শীতকাল এলেই বাতাসের আর্দ্রতা কমে যায়, আর তার সরাসরি প্রভাব পড়ে আমাদের চুল ও মাথার ত্বকে। এই সময়ে খুশকির প্রকোপ যেমন বাড়ে, তেমনই চুল শুষ্ক ও ভঙ্গুর হয়ে পড়ে চুল পড়ার সমস্যাও। অনেকেই বাজারে প্রচলিত নানা দামি তেল, শ্যাম্পু বা সিরাম ব্যবহার করেও আশানুরূপ ফল পান না। তবে বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরের পরিচিত উপাদান রসুন দিয়ে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় কার্যকরী ভেষজ তেল, যা শীতে চুলের যত্নে দারুণ কাজ করতে পারে।
চুলের যত্নে রসুনের ভূমিকা
রসুনে সালফার, সেলেনিয়াম, ভিটামিন সি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করতে সালফার সাহায্য করে, যা চুলের গোড়া মজবুত রাখতে সহায়ক। পাশাপাশি রসুনের অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মাথার ত্বকের ছত্রাক বা খুশকির সমস্যা কমাতে ভূমিকা রাখতে পারে। শীতের শুষ্ক আবহাওয়ায় চুলের গোড়ার পুষ্টি বজায় রাখতে ঘরোয়া এই তেল বেশ জনপ্রিয়।
কী কী উপকরণ লাগবে
রসুনের তেল তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। লাগবে মাঝারি আকারের এক কোয়া বা কয়েক কোয়া দেশি রসুন, নারকেল তেল বা অলিভ অয়েল অথবা সরষের তেল। চুলের ঘনত্ব ও দৈর্ঘ্য অনুযায়ী তেলের পরিমাণ নির্ধারণ করতে পারেন।
যেভাবে বাড়িতে রসুনের তেল বানাবেন
প্রথমে রসুনের কোয়াগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে থেঁতো করে বা বেটে নিন। এতে রসুনের উপকারী নির্যাস তেলের সঙ্গে সহজে মিশে যাবে। এবার একটি পাত্রে পছন্দের তেল নিয়ে হালকা আঁচে বসান। তেল খুব বেশি গরম করবেন না, হালকা উষ্ণ হলে তাতে থেঁতো করা রসুন দিয়ে দিন।
কম আঁচে কয়েক মিনিট নাড়াচাড়া করুন যতক্ষণ না রসুন হালকা সোনালি রঙ ধারণ করে এবং তেলের মধ্যে রসুনের গন্ধ ও নির্যাস মিশে যায়। খেয়াল রাখবেন, রসুন যেন পুড়ে কালো না হয়ে যায়। এরপর গ্যাস বন্ধ করে তেল পুরোপুরি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে পরিষ্কার কাপড় বা ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে একটি কাচের শিশিতে ভরে রাখুন।
কীভাবে ব্যবহার করবেন
সপ্তাহে এক বা দুই দিন এই তেল হালকা গরম করে আঙুলের ডগা দিয়ে মাথার ত্বকে বা স্ক্যাল্পে আলতো করে ম্যাসাজ করুন। চুলের ডগা পর্যন্ত তেল লাগিয়ে ৩০ থেকে ৪৫ মিনিট রেখে দিন। এরপর মৃদু শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন। রসুনের তীব্র গন্ধ দূর করতে শ্যাম্পু করার সময় সামান্য কন্ডিশনার বা হালকা সুগন্ধযুক্ত শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
সতর্কতা ও বিবেচ্য বিষয়
রসুন যথেষ্ট শক্তিশালী উপাদান হওয়ায় মাথার ত্বকে সরাসরি লাগালে অনেকের জ্বালাভাব, লালচে ভাব বা অ্যালার্জির সমস্যা হতে পারে। তাই পুরো মাথায় লাগানোর আগে কানের পেছনে বা হাতের ত্বকে সামান্য পরিমাণ লাগিয়ে প্যাচ টেস্ট করে নেওয়া ভালো। ত্বকে কোনো অস্বস্তি বা সংক্রমণ থাকলে ব্যবহার এড়িয়ে চলুন। দীর্ঘদিন ধরে অতিরিক্ত চুল পড়া বা গুরুতর খুশকির সমস্যা থাকলে ঘরোয়া উপায়ের পাশাপাশি ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।