ওলা-অ্যাথারের ঘুম ওড়াতে আসছে নতুন ইলেকট্রিক স্কুটার! ২০২৭-এর শুরুতেই ভারতে বড় চমক ভিনফাস্টের

পেট্রল ও ডিজেলের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষ এখন ইলেকট্রিক স্কুটার এবং গাড়ির দিকেই ঝুঁকছেন। সেই কারণেই বিগত কিছু সময়ে বৈদ্যুতিক গাড়ির চাহিদা কয়েক গুণ বেড়ে গিয়েছে। ভারতে এই লাগাতার বাড়তে থাকা চাহিদার কথা মাথায় রেখে বিদেশি সংস্থাগুলোও এ দেশের বাজারে পা রাখার প্রস্তুতি নিচ্ছে। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে আরও একটি বড় নাম। ভিয়েতনামের অটোমোবাইল সংস্থা ভিনফাস্ট আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের শুরুতেই ভারতে নিজেদের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আগামী দিনে প্রতি বছর ১০ লক্ষ ইলেকট্রিক টু-হুইলার তৈরির ক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ভিনফাস্টের। এর জন্য তামিলনাড়ুতে অবস্থিত নিজেদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে আলাদা প্রোডাকশন লাইন তৈরি করছে সংস্থাটি।
তবে শুরুতেই এত বিপুল সংখ্যক স্কুটার তৈরির জন্য বড় বিনিয়োগ করবে না ভিনফাস্ট। ভিনফাস্ট এশিয়ার সিইও তপন ঘোষ জানিয়েছেন, সংস্থা প্রথমে ভারতীয় বাজারে তাদের পণ্যের প্রতি গ্রাহকদের সাড়া কেমন মেলে তা খতিয়ে দেখবে। এরপর চাহিদার ওপর ভিত্তি করে উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে। প্রাথমিক পর্যায়ে কতগুলো ইউনিট তৈরির ক্ষমতা থাকবে এবং কোন কোন মডেল লঞ্চ করা হবে, তা এখনও প্রকাশ করেনি সংস্থা।
শুরুতে আসছে দুটি ইলেকট্রিক স্কুটার
ভারতে প্রাথমিক পর্যায়ে দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে ভিনফাস্ট। সংস্থার ইন্ডিয়া টু-হুইলার বিজনেসের সিইও অনুরাগ সাক্সেনার মতে, ভারতীয় গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই এই স্কুটারগুলো তৈরি করা হবে। এগুলোর আকার, জায়গা এবং ফিচার ভিয়েতনামে বিক্রি হওয়া মডেলের মতো হবে না, বরং সম্পূর্ণভাবে ভারতীয় ক্রেতাদের উপযোগী করে নকশা করা হবে।
সংস্থার লক্ষ্য হল, তাদের পণ্য যেন কেবল একটি নির্দিষ্ট শ্রেণির গ্রাহকদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। পারিবারিক ব্যবহার, প্রতিদিনের অফিস যাতায়াত কিংবা দৈনন্দিন কাজকর্ম সহজ করার জন্য বাজারে বিভিন্ন বিকল্প নিয়ে আসতে পারে সংস্থাটি।
৩০০ ডিলারশিপ খোলার প্রস্তুতি
ইলেকট্রিক স্কুটার বাজারে আনার আগেই ভারতে নিজেদের ডিলারশিপ নেটওয়ার্ক মজবুত করার পরিকল্পনা নিয়েছে ভিনফাস্ট। এখনও পর্যন্ত ১৫টি রাজ্যের ৩৪টি শহরে ৫০টিরও বেশি ডিলারের সঙ্গে অংশীদারিত্ব করেছে তারা। আগামী দিনে ১০০টি শহরে ৩০০ ডিলারশিপ খোলার লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থা। পাশাপাশি ব্যাটারি সোয়াপিং এবং চার্জিং সংক্রান্ত পরিকাঠামো নিয়েও কাজ চলছে, যাতে গ্রাহকদের চার্জিংয়ের ভোগান্তি এবং ব্যাটারির মালিকানা সংক্রান্ত সমস্যা দূর করা যায়।
ভারতে বাড়বে উৎপাদন
ভিনফাস্টের নতুন ইলেকট্রিক স্কুটারগুলো শুরুতে ভিয়েতনাম থেকে আসা সিকেডি কিটের মাধ্যমে ভারতে তৈরি করা হবে। তামিলনাড়ুর থুথুকুডি প্ল্যান্টে বর্তমানে প্রায় ১৫ শতাংশ স্থানীয়করণ বা লোকালাইজেশন রয়েছে। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে ভারত থেকেই বেশি পরিমাণে যন্ত্রাংশ কেনার পরিকল্পনা রয়েছে সংস্থার। তামিলনাড়ুতে ভিনফাস্টের প্রায় ৪৫০ একর জুড়ে একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে। এর পাশাপাশি রাজ্য সরকারের সঙ্গে অতিরিক্ত ৫০০ একর জমি নিয়েও চুক্তি হয়েছে।
ভারতে ভিনফাস্টের ভিএফ ৭, ভিএফ ৬, এমপিভি ৭ এবং লিমো গ্রিনের মতো গাড়ি ইতিমধ্যেই বিক্রি হচ্ছে। সংস্থার তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত এগুলোর মোট ১৭,৩০০-র বেশি ইউনিট বিক্রি হয়েছে। আগামী বছর ভিএফ ৫ ইলেকট্রিক এসইউভি লঞ্চ করারও প্রস্তুতি নিচ্ছে তারা। আপাতত ভারতে গাড়ি এবং ইলেকট্রিক টু-হুইলার ব্যবসা শক্তিশালী করার দিকেই নজর দিচ্ছে সংস্থা। এরপর ভারতকে অন্যান্য দেশে গাড়ি রপ্তানির জন্য একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনায় কাজ শুরু হবে। ফলে ২০২৭ সালে আধুনিক ফিচারসহ ভিনফাস্টের ইলেকট্রিক স্কুটার বাজারে এলে ওলা-অ্যাথারের মতো সংস্থাগুলোর চিন্তা বাড়তে পারে এবং প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে।