৫৪ লক্ষের বেশি পোস্ট ও অ্যাকাউন্টে কোপ! এক ধাক্কায় কেন এত বড় পদক্ষেপ নিল মেটা?

বর্তমান সময়ে অধিকাংশ মানুষই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। এর ফলে তথ্য আদান-প্রদানের এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ভারতেও সব শ্রেণির মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। এরই মধ্যে বড়সড় পদক্ষেপ নিয়েছে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা চলতি ২০২৬ সালের প্রথমার্ধে ভারতে ৫৪ লক্ষেরও বেশি পোস্ট এবং অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। এই পরিসংখ্যান গত বছরের তুলনায় অনেক বেশি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে মেটা ভারতে স্থানীয় আইনের আওতায় প্রায় ৭০ হাজার পোস্ট এবং অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা জারি করেছিল। অর্থাৎ, এ বছর অত্যন্ত বড় পরিসরে পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।
দ্বিতীয় স্থানে রয়েছে ভারত
মেটার ট্রান্সপারেন্সি ডেটা অনুযায়ী, এ বছর নিষিদ্ধ করা কনটেন্টের সিংহভাগই এমন ছিল, যেগুলোর বিরুদ্ধে স্থানীয় আইনের আওতায় সংস্থাকে নিজে থেকে ব্যবস্থা নিতে হয়েছে। এই ক্ষেত্রে ভারত এখন বিশ্বে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে। সবচেয়ে বেশি পোস্ট ও অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের নাম।
ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডস— এই তিন প্ল্যাটফর্মে ভারতে ব্যবস্থা নিয়েছে মেটা। এর মধ্যে ফেসবুকে প্রায় ২৮.২২ লক্ষ কনটেন্ট নিষিদ্ধ করা হয়েছে। ইনস্টাগ্রামে নিষিদ্ধ হয়েছে প্রায় ২৬.১৬ লক্ষ কনটেন্ট। পাশাপাশি থ্রেডসে প্রায় ২০ হাজারেরও বেশি অতিরিক্ত কনটেন্টের বিরুদ্ধে আলাদাভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে।
কী এই নতুন আইটি নিয়ম
সোশ্যাল মিডিয়ায় এত বিপুল সংখ্যক পদক্ষেপের নেপথ্যে কেন্দ্রীয় সরকারের পরিবর্তিত আইটি নিয়মকেও একটি কারণ বলে মনে করা হচ্ছে। ইন্টারমিডিয়ারি গাইডলাইনস অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড বা আইটি নিয়মে বদল এনেছিল কেন্দ্রীয় সরকার। গত ২০ ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনও বেআইনি কনটেন্টের তথ্য পাওয়ার পর তিন ঘণ্টার মধ্যে তা সরিয়ে ফেলতে হবে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোকে। নতুন নিয়ম চালু হওয়ার আগে এ ধরনের কনটেন্ট সরাতে সংস্থাগুলোর হাতে ৩৬ ঘণ্টা সময় থাকত।
ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, নতুন নিয়মের আওতায় অনুমোদিত পুলিশ আধিকারিকরা কোনও কনটেন্টকে বেআইনি মনে করলে তা সরানোর নির্দেশ দিতে পারেন সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোকে। এর জন্য আগে থেকে কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা কিংবা আইনি প্রক্রিয়া শুরু হওয়ার প্রয়োজন নেই। ফলে সংশ্লিষ্ট কনটেন্ট খতিয়ে দেখা এবং তার সত্যতা যাচাই করার জন্য খুব কম সময় পাচ্ছে সংস্থাগুলো।
মেটার প্রকাশিত পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে ভারতে স্থানীয় আইনের অধীনে কনটেন্ট সরানোর প্রক্রিয়ায় গতি এসেছে। ২০২৫ সালের প্রায় ৭০ হাজারের পরিসংখ্যান থেকে ২০২৬ সালের প্রথমার্ধে তা ৫৪ লক্ষেরও বেশি পৌঁছানো এই বদলকেই স্পষ্ট করে তুলেছে। আগামী দিনে নতুন নিয়মের অধীনে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলো কীভাবে কনটেন্ট পর্যবেক্ষণ এবং পদক্ষেপের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়, সেদিকেই নজর থাকবে।