‘বামাক্ষ্যাপা’-কে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন দর্শক! হল ভিজিটে গিয়ে এ কী করলেন সব্যসাচী?

কালীপুজোর সময় বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘সাধক বামাক্ষ্যাপা’। মুক্তির পর থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবি। নামভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী। মা তারার চরিত্রে রয়েছেন পায়েল দে। এ ছাড়াও শঙ্খদীপ ব্যানার্জি (ছোট্ট বামা), সাহেব ভট্টাচার্য, মোনালিসাসহ একাধিক শিল্পীকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। সংগীত পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন সৌমিক হালদার। এসভিএফ প্রযোজিত এই ছবির অভিনয় ও নির্মাণশৈলী নিয়ে দর্শকদের পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো তারকারাও প্রশংসা করেছেন।
সম্প্রতি এসভিএফের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যায় সিনেমা হলে দর্শকদের মাঝে পৌঁছেছেন সব্যসাচী। সামনাসামনি ‘বামাক্ষ্যাপা’-কে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন বহু দর্শক। কেউ এসে প্রণাম করছেন, আবার কেউ আবেগে কান্নায় ভেঙে পড়ছেন। ভক্তদের শান্ত করতে অনেককে বুকে জড়িয়েও নিতে দেখা যায় অভিনেতাকে।
ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “সাধক বামাখ্যাপা সিনেমাটা নিয়ে কি বলা উচিত এখনও বুঝে উঠতে পারিনি। এই ঘোর কাটতে অনেকটা সময় লাগবে সায়ন্তন। আর সব্য তোমাকে যা বলব সব কম হবে। যে কোনো চরিত্রে যাপন করলে সেটা ঠিক কি হয় তুমি আবার প্রমাণ করে দিলে। অনবদ্য আবহ সঙ্গীত এবং সব কটা গান। আর যে কথাটা না বললেই নয় বাংলাও পারে কল্পনা এবং বাস্তব মিশিয়ে সব প্রতিকূলতা কাটিয়ে এরকম একটা সিনেমা বানাতে। অসাধারণ। অনেক ভালোবাসা রইল তোমাদের সবার জন্য। আর তোমাদের সিনেমার লেখা ধার নিয়ে বললাম শ্রীকান্ত, সিনেমা ভালো হলে ‘মারে কোন শালা’।”
তারাপীঠ, মা তারা এবং সাধক বামাক্ষ্যাপার সাধনা ও ভক্তির পথচলাকে বড় পরিসরে তুলে ধরা হয়েছে এই ছবিতে। প্রচারের ক্ষেত্রেও ভিন্ন কৌশল নিয়েছিল নির্মাতারা—তারাপীঠ শ্মশানে ট্রেলার লঞ্চ থেকে শুরু করে বোলপুরে প্রিমিয়ার, সব আয়োজনেই ছিল আলাদা মাত্রা।
প্রিমিয়ারের সময় ছবির নেপথ্যের কঠিন যাত্রার কথা জানিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সব্যসাচী। তিনি বলেছিলেন, ছবির শুটিংয়ের পথ মোটেও মসৃণ ছিল না। শুরুর দিকে ছবিটি আদৌ তৈরি হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকায় অনেক কাজ ছেড়ে দিতে হয়েছিল এবং বাড়িতে বসে থাকতে হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর ছ’মাস বাদে কাজ শুরুর খবর এলেও শুটিং চলাকালীন একের পর এক বাধা আসে। প্রাকৃতিক দুর্যোগে সেট ক্ষতিগ্রস্ত হওয়া, নতুন করে সেট নির্মাণ এবং বারবার শুটিং বাতিল হওয়ার মতো পরিস্থিতির মুখে পড়তে হয়। ছ’মাসে শেষ হওয়ার কথা থাকলেও ছবিটির কাজ শেষ করতে শেষ পর্যন্ত দেড় বছর সময় লেগে যায়।
অভিনেতা আরও জানান, ২০২৪ সালের আগস্টে এসভিএফের তরফে সৌম্যব্রত রক্ষিত প্রথম ফোন করার পর থেকেই তিনি এই দিনের অপেক্ষায় ছিলেন। প্রায় দু’বছর ধরে ছবিটির সঙ্গে জড়িয়ে থাকতে থাকতে প্রতিটি সংলাপ ও দৃশ্য তাঁর আত্মস্থ হয়ে গেছে। ট্রেলার লঞ্চের দিন সেই দীর্ঘ সংগ্রাম ও পথচলার স্মৃতি মনে পড়তেই চোখে জল এসে গিয়েছিল বলে জানান সব্যসাচী।