‘মুখ দেখলেই বমি পায়, মাথায় আগুন ধরে যায়!’ জীতুর বিরুদ্ধে এবার বিস্ফোরক মিশমি, পাল্টা তোপ অনুরাগীদের

বিগ বস বাংলার ঘরে প্রবেশ করার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন অভিনেতা জীতু কমল। যদিও জীতুকে ঘিরে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়, তবে বিগ বস পর্বে অংশ নেওয়ার পর কখনো তাঁকে ‘ভণ্ড’, আবার কখনো ‘দানব’ বলে কটাক্ষ করা হয়েছে। মনামী থেকে সৌরভ—সহ-প্রতিযোগীদের শারীরিক আঘাত করার অভিযোগে বারবার সমালোচনার মুখে পড়েছেন তিনি। জীতুর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন একাধিক তারকা। এবার নাম না করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী মিশমি দাস। নেটপাড়ার বড় অংশের অনুমান, তাঁর এই নিশানা জীতুর দিকেই।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মিশমি লিখেছেন, ‘বেশ কদিন ধরে বিগ বস দেখা বন্ধ রেখেছি। এবার মনে হচ্ছে ফেসবুকটাও খোলা বন্ধ করে দিতে হবে! কারণ নিউজফিডে একটা মুখ ভেসে উঠলেই বমি পায়, আর মাথার তাপমাত্রা এমন বেড়ে যায় যে এসি-ও হার মেনে যাবে! নামটা আর বলার কী আছে, সবাই জানে। হেরোর ঠিক উল্টোটা ভাবলেই যার মুখটা ভেসে ওঠে! হেরো’।

মিশমির এই পোস্ট প্রকাশ্যে আসতেই পাল্টা আক্রমণে সরব হন জীতু কমলের অনুরাগীরা। এক নেটিজেন মন্তব্য করেন, ‘কতদিন ধরে কোনও কাজ নেই, সিরিয়ালেও আর দেখা যায় না। অথচ আজ ফুটেজের জন্য সেই মানুষটারই সাহায্য নিতে হচ্ছে, যাঁর মুখটাই একসময় তাঁকে কাজ এনে দিত! সত্যিই, ওঁর মতো মহান মনের মানুষ খুব কমই দেখেছি। কত মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন, কত পরিবারের অন্নসংস্থানের ব্যবস্থা করছেন! আর আমরা JKians-রা সেই মানুষটাকেই মন থেকে ভালোবাসি।’

অন্য এক অনুরাগীর কটাক্ষ, ‘আপনারও মনে হয় রিচ দরকার? নিন নিন, এই সুযোগে আপনিও একটু রিচ বাড়িয়ে নিন। আপনি বরং একটু আয়নার সামনে দাঁড়ান, দেখবেন তাহলে জীতুদার ছবি দেখলে বমি পাবে না।’

এদিকে শনি ও রবিবারের ‘দাদার দরবার’ পর্বে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে বিভিন্ন বিষয়ে বকা খেতে হয় জীতুকে। আপাতত বিগ বস বাংলার ঘর দুই ভাগে বিভক্ত বলে মনে করছেন দর্শকদের একাংশ। জীতু ও সৃজলা কিছুটা একপেশে হয়ে পড়েছেন বলেও চর্চা চলছে, যদিও অনেকের মতে এটি তাঁদের দুজনের কৌশলগত গেম প্ল্যান। আর মাত্র দুই সপ্তাহ পরেই বিগ বস বাংলার গ্র্যান্ড ফিনালে। ইতিমধ্যেই ফাইনালে জায়গা করে নিয়েছেন জীতু ও সৌরভ। ফিনালের আগে আর কে বাদ পড়েন এবং সৃজলা, নিরঞ্জন, দুর্নিবার, রাজবীর, মনামী ও তনুশ্রীর মধ্যে কারা শেষ পর্যন্ত এগিয়ে যান, সেদিকেই নজর রয়েছে দর্শকদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *