কনসার্টে চুমুতে লজ্জায় লাল দিলজিৎ! বিদেশিদের নিয়ে কী বলে বসলেন গায়ক?

মঞ্চে তখন জমিয়ে গান গাইছেন দিলজিৎ দোসাঞ্ঝ। আচমকাই এক মহিলা অনুরাগী এগিয়ে এলেন তাঁর দিকে। গায়কের আরও কাছে যাওয়ার চেষ্টা করতেই প্রথমে হাত তুলে তাঁকে আটকানোর চেষ্টা করেন দিলজিৎ। কিন্তু শেষ পর্যন্ত আর বাধা দেননি। সটান গালে চুমু খেয়ে দিলেন ওই অনুরাগী। এমন ঘটনায় খানিক লজ্জায় লাল হয়ে গেলেন গায়ক। শুধু তাই নয়, অনুরাগীর সঙ্গে মজার কথাবার্তা, উপহার দেওয়া এবং বিদায়ের আগে আলিঙ্গন—সব মিলিয়ে দিলজিতের আমদাবাদের কনসার্টের এই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
সম্প্রতি আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কনসার্ট ছিল দিলজিতের। সেই কনসার্টেরই একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছে ‘টিম দোসাঞ্ঝ’। ভিডিওতে দেখা যাচ্ছে, গান চলাকালীন এক মহিলা ভক্ত মঞ্চে উঠে গায়কের কাছে আসেন। তিনি চুমু খেতে এগিয়ে গেলে প্রথমে হাত তুলে তাঁকে থামানোর চেষ্টা করেন দিলজিৎ। পরে অবশ্য গালে চুমু খেতে দেন। গোটা ঘটনায় বেশ মজা করতে দেখা যায় তাঁকে।
অনুরাগীর সঙ্গে কথোপকথনের সময় দিলজিৎ বলেন, দেখুন, বিদেশিরাও ভাংড়া করছেন, ম্যাডাম। আমার অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আমার ইংরেজি অতটা সুন্দর নয়, কিন্তু আমি দেখতে সুন্দর। তাঁর এই মজার মন্তব্যে হাসির রোল ওঠে। এরপর ওই অনুরাগীকে একটি উপহার দেন গায়ক। মঞ্চ থেকে নামার আগে তাঁকে জড়িয়ে ধরেন ওই মহিলা। ফের গালে চুমু খেয়ে বিদায় নেন। তখন দিলজিৎকে লজ্জায় হাসতে দেখা যায়।
তবে শুধু অনুরাগীর চুমু নয়, আমদাবাদের এই কনসার্টে আরও একটি বিষয় নিয়ে সরব হয়েছেন গায়ক। নিজের কয়েকটি গানের উপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিদেশি শিল্পীদের ক্ষেত্রে এক নিয়ম, আর ভারতীয় শিল্পীদের ক্ষেত্রে অন্য নিয়ম কেন, সেই প্রশ্নও তুলেছেন দিলজিৎ।
কনসার্টে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রসঙ্গ টেনে আনেন তিনি। গত বছর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোল্ডপ্লের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন দিলজিৎ। সেই অভিজ্ঞতা থেকেই একই জায়গায় অনুষ্ঠান করার অনুপ্রেরণা পেয়েছিলেন বলে জানান। এরপর কোল্ডপ্লের ‘হিম ফর द্য উইকএন্ড’ গানের কথা উল্লেখ করে বলেন, সেখানে ‘ড্রাঙ্ক অ্যান্ড হাই’ হওয়ার কথা গাওয়া হলেও কেউ আপত্তি করেন না। অথচ দিলজিৎ একই ধরনের গান গাইলেই সমস্যা তৈরি হয়।
তাঁর কথায়, বিদেশি শিল্পীরা এসে গান গাইলে আপত্তি নেই, কিন্তু দিলজিৎ গাইলেই সমস্যা। কেন এই দ্বিচারিতা, সেই প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি নিজের জন্মও যে ভারতেই, সে কথাও মনে করিয়ে দেন গায়ক। বলেন, তিনি হোনোলুলুতে জন্মাননি।
প্রসঙ্গত, ২০২৫ সালের ২৫ জানুয়ারি আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোল্ডপ্লে তাদের ‘মিউজিক অফ দ্য স্ফিয়ার্স’ ট্যুরের অংশ হিসেবে অনুষ্ঠান করেছিল। এবার সেই মঞ্চেই নিজের অনুষ্ঠান থেকে ভারতীয় শিল্পীদের প্রতি বৈষम্যের অভিযোগ তুললেন দিলজিৎ।