পানীয় জলের মান নিয়ে তোলপাড়! বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এফএসএসএআই-এর

প্যাকেটজাত পানীয় জলের নমুনা ‘অসুরক্ষিত’ প্রমাণিত হওয়ায় Bisleri Packaged Drinking Water প্রস্তুতকারক সংস্থা বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দিল এফএসএসএআই (FSSAI)। জনপ্রিয় পানীয় জল সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করার ছাড়পত্র দিয়েছে দেশের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএআই।
সোশ্যাল মিডিয়া পোস্টে এফএসএসএআই জানায়, ‘অসুরক্ষিত প্যাকেটজাত পানীয় জল’ সংক্রান্ত বিষয়টির প্রেক্ষিতে বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬-এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
নমুনা পরীক্ষায় কী সামনে এল?
সংবাদ সংস্থা পিটিআই এবং বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিসলেরি ইন্টারন্যাশনালের প্রাঙ্গণ থেকে খনিজ জল ছাড়া অন্যান্য প্যাকেটজাত পানীয় জলের একটি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। নিয়ন্ত্রক সংস্থার বক্তব্য, ওই নমুনাটি নির্ধারিত ব্রোমেট সীমার মানদণ্ড পূরণ করতে পারেনি এবং আইনের অধীনে তা ‘অসুরক্ষিত’ বলে চিহ্নিত হয়।
সংস্থার আপিলের পর নমুনাটি রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হলে সেখানেও পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনস (PAHs) উপস্থিতি ধরা পড়ে এবং নমুনাটিকে ‘অসুরক্ষিত’ ঘোষণা করা হয়। এই ফলাফলের ভিত্তিতেই খাদ্য সুরক্ষা আইনের লঙ্ঘন প্রমাণিত হওয়ায় সংস্থার বিরুদ্ধে মামলা শুরুর অনুমোদন দিয়েছে এফএসএসএআই।
কড়া নজরদারিতে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা
চলতি বছরে খাদ্য ব্যবসা পরিচালনাকারী সংস্থা এবং ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদারকি ও ব্যবস্থা জোরদার করেছে এফএসএসএআই। এনার্জি ড্রিংক ও অ্যালকোহলযুক্ত পানীয় প্রস্তুতকারকদের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে কড়া পদক্ষেপ নিতে দেখা গেছে নিয়ন্ত্রক সংস্থাকে। এই প্রেক্ষাপটে বিসলেরির নমুনা নিয়ে এফএসএসএআই-এর এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে