নীতীশ সেতু’ উদ্বোধনের পরই রাঘোপুরে ধুন্ধুমার! মোদি-সম্রাটের পোস্টার ছেঁড়ার অভিযোগ, তুঙ্গে বিতর্ক

বিহারের বৈশালী জেলায় গঙ্গার ওপর নবনির্মিত ‘নীতীশ সেতু’র উদ্বোধনের পরপরই তীব্র উত্তেজনা ছড়াল রাঘোপুরে। বিধানসভার বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক তেজস্বী যাদবকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর অভিযোগে সেতুর ওপরই বিক্ষোভে ফেটে পড়েন রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি-র সমর্থকরা। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর পোস্টার ছিঁড়ে ফেলা হয় এবং নতুন রাস্তায় থাকা বিজেপির পতাকায় লাথি মারা হয়।

শনিবার বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানকে সঙ্গে নিয়ে ৪,২৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কেবল-স্টেড সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাঘোপুরে শুরু হয় গন্ডগোল। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, তেজস্বী যাদব এই কেন্দ্রের নির্বাচিত বিধায়ক হওয়া সত্ত্বেও এবং মহাগঠবন্ধন সরকারের আমলে এই প্রকল্পের শিলান্যাস হওয়া সত্ত্বেও তাঁকে অনুষ্ঠানে ডাকা হয়নি।

সেতুতে বিশৃঙ্খলা ও নামকরণ নিয়ে তেজস্বীর তোপ

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, আরজেডির পতাকা হাতে একদল কর্মী-সমর্থক সেতুর ওপর মিছিল করছেন এবং তেজস্বী যাদব ও লালু প্রসাদ যাদবের সমর্থনে স্লোগান দিচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ৪০ মিনিট ধরে সেখানে চরম বিশৃঙ্খলা চলে; সেতুর ধারে লাগানো প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ব্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি শাসকদলের পতাকাও পায়ে মাড়ানো হয়।

শুধু আমন্ত্রণ বিতর্কই নয়, পাটনার কাচ্চি দরগা থেকে বৈশালীর বিদুপূর পর্যন্ত বিস্তৃত এই ছয় লেনের সেতুটির নাম প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে রাখা নিয়েও সুর চড়িয়েছেন তেজস্বী যাদব। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি কটাক্ষ করে বলেন, কোনো জীবিত রাজনীতিকের নামে সরকারি পরিকাঠামোর নামকরণ করার অর্থ হলো তিনি রাজনৈতিকভাবে শেষ হয়ে গিয়েছেন। তেজস্বীর দাবি, সাধারণত প্রয়াত নেতাদের স্মৃতিতেই সৌধ বা সেতুর নামকরণ করা হয়। পাশাপাশি নীতীশ কুমার আগেই এই সেতুর একটি অংশের উদ্বোধন করেছিলেন এবং এই প্রকল্পে কেন্দ্রের কোনো আর্থিক অনুদান নেই বলেও অভিযোগ করেন তিনি।

নিজের দাবির সপক্ষে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দুটি সরকারি নথিও প্রকাশ করেন তেজস্বী। সেখানে দেখা যায়, বৈশালীর স্বাধীনতা সংগ্রামী ও সমাজতান্ত্রিক নেতা অক্ষয়বট রায়ের নামে সেতুটির নামকরণের জন্য তিনি আগে আবেদন জানিয়েছিলেন—প্রথমে জানুয়ারিতে বিধায়ক হিসেবে লিখিতভাবে এবং পরে ফেব্রুয়ারিতে বিধানসভায় বেসরকারি প্রস্তাবের মাধ্যমে। পাশাপাশি রাজ্যের সড়ক নির্মাণ দফতরের একটি জবাবি চিঠিও তিনি সামনে আনেন, যেখানে দশম শিখ গুরু গোবিন্দ সিংয়ের নামে সেতুটির নামকরণের একটি প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানানো হয়েছিল।

এনডিএ-র পাল্টা জবাব ও প্রকল্পের খুঁটিনাটি

আরজেডির এই বিক্ষোভ ও অভিযোগের কড়া জবাব দিয়েছে শাসক জোট এনডিএ। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানান, ২০১২ সালে সর্বসম্মতিক্রমে এই প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং নীতীশ কুমারের দুই দশকের জনসেবাকে সম্মান জানাতেই সেতুটির নাম নীতীশ সেতু রাখা হয়েছে। উল্লেখ্য, এদিন বৈশালীর মূল উদ্বোধনী অনুষ্ঠানে নীতীশ কুমার উপস্থিত না থাকলেও, তার আগে পাটনা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

অন্যদিকে রাঘোপুরের পরিকাঠামোগত উন্নয়নে অবহেলার অভিযোগ তুলে লালু পরিবারকে নিশানা করেছেন বিজেপি সাংসদ জনার্দন সিং সিগ্রিওয়াল। সংবাদ সংস্থা আইএএনএস-কে তিনি বলেন, শিলান্যাস হলো, উদ্বোধনও হয়ে গেল, তবু ওঁরা কেন এই সেতু দিয়ে যাতায়াত করছেন না? তেজস্বী এই এলাকার বিধায়ক হয়েও কোনোদিন এখানে আসেননি। তাঁর অভিযোগ, রাঘোপুরের মানুষ বছরের পর বছর ধরে এই সেতুর দাবি জানালেও ১৫ বছর ক্ষমতায় থেকেও তেজস্বী বা তাঁর বাবা-মা সেই দাবি পূরণ করেননি।

উল্লেখ্য, ১৯.৭ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের মধ্যে গঙ্গার ওপর ৯.৭ কিলোমিটার মূল সেতু এবং ১০ কিলোমিটার সংযোগকারী রাস্তা রয়েছে। এটি পাটনার ২২ নম্বর জাতীয় সড়কের কাচ্চি দরগার সঙ্গে বৈশালীর ৩২২ নম্বর জাতীয় সড়কের বিদুপূরকে যুক্ত করে উত্তর ও দক্ষিণ বিহারের যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *