তালিকা মানা হয়নি নাকি বাধা দেওয়া হচ্ছিল? সম্মেলন ঘিরে হাতাহাতির ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

আইএনটিইউসি-র রাজ্য সম্মেলন ঘিরে প্রকাশ্যে এল কংগ্রেসের অন্দরের কোন্দল। সম্মেলনে কারা প্রবেশ করবেন, তা নিয়ে জেলা কংগ্রেস ও শ্রমিক সংগঠনের নেতৃত্বের মধ্যে বচসা থেকে শুরু হয় ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, এমনকী হাতাহাতিও। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের ইস্পাতনগরী।
শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সুভাষ সাহার অভিযোগ, এদিনের সম্মেলন শুধুমাত্র আইএনটিইউসি-র কর্মী ও প্রতিনিধিদের নিয়ে আয়োজন করা হয়েছিল। কিন্তু জেলা কংগ্রেস সভাপতি হরজিৎ সিং এবং এআইসিসি সদস্য দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে কয়েকজন জোর করে সম্মেলনস্থলে ঢোকার চেষ্টা করেন; শ্রমিক সংগঠনের কর্মীদের আগে প্রবেশের দাবি জানানো হলেও তা মানা হয়নি বলে অভিযোগ তোলেন তিনি।
পাল্টা অভিযোগ দেবেশ চক্রবর্তীর
সুভাষ সাহার দাবি, এই নিয়েই দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে পাল্টা সরব হন দেবেশ চক্রবর্তী। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছিল; অল ইন্ডিয়া আইএনটিইউসির নির্ধারিত তালিকা অনুযায়ী কারা সম্মেলনে যোগ দিতে পারবেন, তা জানানো হয়েছিল। তা সত্ত্বেও বাধা দেওয়ার চেষ্টা হওয়ায় প্রতিবাদ করা হয়েছে বলে দাবি তাঁর।
সব মিলিয়ে শ্রমিক সংগঠনের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাত ফের প্রকাশ্যে এল।