শস্য ভান্ডারে ঘূর্ণিঝড়ের ছোবল! ধান-সবজি নষ্টের আশঙ্কা, কী বলছে কৃষি দফতর?

সারা বছর ধরে একটু একটু করে গড়ে তোলা স্বপ্ন। কখনও চড়া রোদ, কখনও ঠান্ডা, আবার বৃষ্টির সঙ্গে লড়াই করে ধার-দেনা মিটিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় জমিতে ফসল ফলিয়েছিলেন পূর্ব বর্ধমানের কৃষকরা। আমন ধানের শিষে সোনালি রং ধরার পর যখন ফসল ঘরে তোলার প্রস্তুতি চলছিল, ঠিক তখনই ছন্দপতন। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দু’দিনের টানা বৃষ্টিতে বদলে যাওয়া আবহাওয়ায় এখন দুশ্চিন্তায় জেলার চাষিরা।

ধানের জমিতে কোথাও জল জমে গিয়েছে, আবার কোথাও বৃষ্টির ভারে নুইয়ে পড়েছে পাকা ধানের শিষ। কয়েকদিন পরেই যে ধান গোলায় ওঠার কথা, সেই ফসল চোখের সামনেই নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অতিরিক্ত বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা পাকা ধান মাটিতে পড়ে গেলে শিষে জল জমে দানা নষ্ট হওয়ার ভয় থাকে। আবার কেটে রাখা ধান ভিজে গেলে গুণমান কমে গিয়ে কালো হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে মাঠে দাঁড়িয়ে থাকা প্রতিটি মুহূর্ত এখন চাষিদের কাছে উদ্বেগের।

গোবিন্দভোগ ধান নিয়ে বাড়ছে উদ্বেগ

এই উদ্বেগের কেন্দ্রে রয়েছে সুগন্ধি গোবিন্দভোগ ধান। পূর্ব বর্ধমানের রায়না, জামালপুর এবং খণ্ডঘোষ ব্লকে ব্যাপক পরিমাণে এই ধান চাষ হয়। বীজ রোপণ থেকে কাটা পর্যন্ত গড়ে ৯০ দিন সময় লাগে। চাষিদের হিসাব অনুযায়ী, এক বিঘা জমিতে গোবিন্দভোগ চাষে খরচ হয় প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা এবং ভালো ফলন হলে ৬০ কেজির বস্তায় ৮ থেকে ১০ বস্তা ধান মেলে। চলতি বছরে জেলায় প্রায় ৬০ হাজার হেক্টর জমিতে গোবিন্দভোগ এবং সব মিলিয়ে প্রায় ২ লক্ষ ৭৩ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। ফলে এই ধানের ক্ষতি হলে তার প্রভাব পড়বে জেলার কৃষি অর্থনীতিতেও।

বামনপুকুরের কৃষক রামপ্রসাদ রায় জানান, জমিতে এক হাঁটু জল দাঁড়িয়ে গিয়েছে এবং সকাল থেকেই জল বের করার চেষ্টা চলছে। যাঁরা ১২ থেকে ১৩ হাজার টাকা দিয়ে জমি ভাগে নিয়ে চাষ করেছেন, তাঁদের অবস্থা আরও খারাপ; দুশ্চিন্তায় রাতে ঘুম আসছে না। আরও বৃষ্টি হলে যে সামান্য ধান ঘরে তোলার আশা রয়েছে, তাও সম্ভব হবে না বলে আশঙ্কা তাঁর।

বাবনপুরের পশ্চিম দিকের মাঠে আট বিঘা জমিতে ধান চাষ করেছেন শেখ আজফার রহমান। তাঁর জমির পাকা ধানও বৃষ্টির জেরে মাটিতে পড়ে গিয়েছে। আজফারের কথায়, ধান ভালো হয়েছিল এবং এক-দু’দিনের মধ্যেই কাটার কথা ছিল, কিন্তু ঝড়-বৃষ্টিতে ধান পড়ে গিয়েছে। এখন ধান কাটতেই অতিরিক্ত ১৫ থেকে ১৬ হাজার টাকা খরচ হতে পারে; ফসল বিমা করানো থাকলেও ঘরে তোলার অপেক্ষায় থাকা ফসল নিয়ে দুশ্চিন্তা কাটছে না।

কৃষক মোহন মুন্সির আশঙ্কা, জমিতে পড়ে থাকা ধান তুলতে অতিরিক্ত শ্রম ও খরচ হবে। সারা বছর ধার-দেনা করে চাষ করার পর এই ক্ষতি কীভাবে সামলাবেন, তা নিয়ে চিন্তিত তিনি। সরকারের কাছে পাশে দাঁড়ানোর আর্জি জানিয়ে তিনি বলেন, ক্ষতি সামলানোর ব্যবস্থা না হলে অনেক কৃষক চরম বিপদে পড়বেন এবং বাধ্য হয়ে চরম পথ বেছে নেবেন।

শীতের সবজি ও পাইকারি বাজারে ধাক্কা

দুশ্চিন্তা শুধু ধান চাষিদের মধ্যেই সীমাবদ্ধ নেই। শীতের মরশুমে ফুলকপি ও বাঁধাকপির মতো সবজি চাষের প্রস্তুতি নিয়েছিলেন জেলার বহু চাষি। কারও জমিতে ফুলকপি মাথা তুলেছে, কোথাও বেড়ে উঠছে বাঁধাকপি। শীতের বাজারে ভালো দামের আশায় এগুলোই ছিল বাড়তি আয়ের ভরসা। কিন্তু টানা বৃষ্টিতে জল জমে গাছের গোড়া পচে যাওয়া, বৃদ্ধি ব্যাহত হওয়া এবং ফসলের গুণমান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফুলকপি চাষি রঞ্জিত দাসের অভিজ্ঞতাতেও সেই ছবি ধরা পড়েছে। তাঁর এলাকার বিস্তীর্ণ জমি ফুলকপি চাষের ওপর নির্ভরশীল হলেও বৃষ্টির জেরে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আড়ৎদাররা মাল নিতে চাইছেন না, উল্টে কাটতেও বারণ করছেন। চার দিন পরে যে ফুলকপি তোলার কথা ছিল, বৃষ্টির প্রভাবে তা আগেই পরিণত হয়ে যাচ্ছে; ফলে আগাম ফসল তুলতে গিয়েও বিপাকে পড়েছেন চাষিরা। সার ও অন্যান্য উপকরণের চড়া দামের মাঝে ধার-দেনা করে ফলানো ফসল জমিতে নষ্ট হলে কীভাবে ক্ষতি সামলাবেন, তা বুঝে উঠতে পারছেন না তিনি এবং সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

মাঠের পাশাপাশি পাইকারি বাজারেও পড়েছে বৃষ্টির প্রভাব। দু-একদিন আগেও যে ফুলকপি কেজি প্রতি ১৩ থেকে ১৪ টাকায় বিক্রি হয়েছে, বৃষ্টির পর তা নেমে এসেছে ৬ থেকে ৭ টাকায়; কোথাও আবার ৪ টাকা কেজিতেও বিক্রি করতে হয়েছে। বৃষ্টির কারণে অনেক চাষি সবজি কাটতে পারেননি, আর যাঁরা কেটেছেন তাঁদের ফসল ভিজে পচে যাওয়ার ভয় রয়েছে। পাশাপাশি বাজারে ক্রেতাও কমেছে।

পাইকারি ব্যবসায়ী সুরেশ পাল জানান, পূর্ব বর্ধমানের ফুলকপির বড় অংশ ওড়িশা ও ঝাড়খণ্ডে যায়, কিন্তু বৃষ্টির কারণে পণ্যবাহী গাড়ি রাস্তায় আটকে পড়েছে। নির্দিষ্ট সময়ে মাল না পৌঁছনোয় ব্যবসায়ীদের লোকসান বাড়ছে এবং আকাশ পরিষ্কার না হলে তা পাঠানোও অনিশ্চিত।

কৃষি দফতরের বক্তব্য

একদিকে পাকা ধান বাঁচানোর তাগিদ, অন্যদিকে সবজির জমির জল সরানোর চেষ্টা—বৃষ্টি থামার অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে রয়েছেন চাষিরা। কারণ এই ফসলের সঙ্গে জড়িয়ে রয়েছে সংসার চালানো, সন্তানের পড়াশোনা, চিকিৎসা এবং ঋণের বোঝা মেটানোর হিসাব।

তবে এখনই জেলায় ধানের বড় ক্ষয়ক্ষতির কথা মানতে নারাজ কৃষি দফতর। জেলার কৃষি উপ অধিকর্তা (প্রশাসন) অমর কুমার মণ্ডল জানান, এখনও পর্যন্ত উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর নেই। বেশ কিছু জায়গায় গোবিন্দভোগ ধান মাটিতে পড়ে গেলেও তাতে আপাতত বড় ধরনের ক্ষতির আশঙ্কা কম বলে মনে করছে দফতর।

রাজ্যের শস্য ভান্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমানের মাঠে সোনালি ধান ও শীতের সবজির হাতছানির বদলে দু’দিনের প্রবল বৃষ্টি নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব না মিললেও বৃষ্টির প্রভাব বুঝতে মাঠে নজর রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *