প্রতিদিন ২৫০-৩০০ কেজি রস, তৈরি হচ্ছে খাঁটি গুড়! শিলিগুড়ি-জলপাইগুড়িতে তুঙ্গে চাহিদা, দেখুন কারা বানালেন

শীতের আমেজ পড়তেই গ্রামবাংলার আনাচে-কানাচে ফিরে আসছে খেজুরের রস আর গুড়ের পরিচিত গন্ধ। ভোরের আলো ফোটার আগেই খেজুর গাছ থেকে রস সংগ্রহ, তারপর উনুনে বসিয়ে দীর্ঘক্ষণ জ্বাল দিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়। সেই ঐতিহ্যবাহী পেশার টানেই এবার বাংলাদেশ থেকে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের গজলডোবার দুধিয়া গ্রামে এসে হাজির হয়েছেন তিন কারিগর। তাঁদের হাত ধরেই শীতের মরশুমে নতুন করে ব্যস্ত হয়ে উঠেছে গুড় তৈরির কাজ।
ওই তিন কারিগর হলেন আব্দুর রহিম, মোহাম্মদ হোসেন আলী ও মোহাম্মদ জিন্নাত। তাঁরা বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা। জীবিকার সন্ধানে প্রতি বছর শীতের মরশুমে ভারতে আসেন এই তিনজন। তবে গত দু’বছর নানা কারণে তাঁদের আসা সম্ভব হয়নি। এবার বৈধ ভিসা নিয়ে ফের এপারে এসে শুরু করেছেন নিজেদের পরিচিত কাজ। খেজুর গাছের পরিচর্যা থেকে শুরু করে রস সংগ্রহ এবং গুড় তৈরি—সবকিছুতেই এখন তাঁদের দিন কাটছে ব্যস্ততায়।
প্রায় ১৩ বছর ধরে শীত এলেই গজলডোবার দুধিয়া গ্রামে এসে খেজুর গুড় তৈরি করছেন আব্দুর রহিম। এবার তিনজনে মিলে প্রায় ১২০ থেকে ১২৫টি খেজুর গাছের দায়িত্ব নিয়েছেন। প্রতিদিন ওই গাছগুলি থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কেজি রস সংগ্রহ হচ্ছে। সেই রস জ্বাল দিয়ে তৈরি হচ্ছে প্রায় ৫০ থেকে ৬০ কেজি খেজুর গুড়। এরপর সেই গুড় পৌঁছে যাচ্ছে জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওলাবাড়ি-সহ আশপাশের বিভিন্ন বাজারে। শীতের শুরুতেই তাঁদের তৈরি গুড়ের চাহিদা তৈরি হয়েছে বাজারে।
আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা এবং শীতের মরশুমে খেজুরের রস ও গুড় তৈরিই তাঁদের জীবিকার অন্যতম ভরসা। গত দু’বছর আসতে না পারায় কাজ বন্ধ ছিল; এবার আবার ফিরে এসে কাজ শুরু করতে পেরে তাঁরা খুশি। বাজারে চাহিদা ভালো থাকায় এবারের মরশুম নিয়েও বেশ আশাবাদী তিন কারিগর।