রাখে তারা মারে কোন…’ সংলাপে গায়ে কাঁটা! পরিচালককে কোন খামতির কথা নিজেই বললেন সব্যসাচী?

বাংলা ছবির জগতে ভক্তিমূলক সিনেমার সংখ্যা বরাবরই হাতে গোনা। সেই জায়গায় দাঁড়িয়ে সাধক বামাক্ষ্যাপার জীবন ও সাধনাকে বড়পর্দায় তুলে ধরার প্রয়াস নিঃসন্দেহে ভিন্নধর্মী ও সাহসী পদক্ষেপ। সায়ন্তন ঘোষাল পরিচালিত এবং এসভিএফ প্রযোজিত ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিতে নামভূমিকায় দেখা গিয়েছে সব্যসাচী চৌধুরীকে। মা তারার চরিত্রে অভিনয় করেছেন পায়েল দে এবং বামদেবের বাবা সর্বানন্দের ভূমিকায় রয়েছেন সাহেব চট্টোপাধ্যায়। এছাড়াও মোনালিসা চট্টোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্যসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

ছবির মূল কেন্দ্রে রয়েছেন তারাপীঠের সাধক বামাক্ষ্যাপা। মা তারার প্রতি তাঁর অগাধ ভক্তি, সাধনা এবং ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরেই আবর্তিত হয়েছে কাহিনি। প্রচলিত ধর্মীয় আখ্যানের বাইরে একজন মানুষের আত্মিক উত্তরণের গল্প বলার চেষ্টা করা হয়েছে এই ছবিতে। এর অন্যতম বড় আকর্ষণ সব্যসাচী চৌধুরী। ছোটপর্দায় ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে তিনি যে জনপ্রিয়তা পেয়েছিলেন, বড়পর্দায় ফেরার সময় দর্শকের সেই প্রত্যাশার চাপ নিজগুণেই সামলেছেন অভিনেতা।

শুধু অভিনয় নয়, ছবির গল্প, চিত্রনাট্য ও সৃজনশীল পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন সব্যসাচী। চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে প্রায় ২০ কেজি ওজন বাড়িয়েছেন তিনি, যা এই ভূমিকার প্রতি তাঁর নিষ্ঠাকেই তুলে ধরে। ছবিতে তাঁর সংলাপ বলার ধরন দর্শকের গায়ে কাঁটা ধরায়; বিশেষ করে ‘রাখে তারা মারে কোন…’ সংলাপটি হলে দর্শকের কাছ থেকে বেশ সাড়া পেয়েছে।

মা তারার ভূমিকায় পায়েল দে-র অভিনয়ও নজর কেড়েছে। বরাবরের মতো এবারও তাঁর দেবী রূপ দর্শকের মনে দাগ কাটে; নাচের দৃশ্য এবং নাচ শেষে তাঁর সংলাপ প্রক্ষেপণ প্রশংসিত হয়েছে। সায়ন্তন ঘোষালের পরিচালনায় বড় ক্যানভাসে সাধকের জীবন তুলে ধরার পরিকল্পনা ছবির বিভিন্ন বিভাগে স্পষ্ট। সিনেমাটোগ্রাফির দায়িত্বে থাকা সৌমিক হালদার এবং সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত আধ্যাত্মিক পরিবেশকে বিশ্বাসযোগ্য করে তুলতে দক্ষতার পরিচয় দিয়েছেন; ছবির গান ও আবহসংগীত দর্শকের মন ভরাতে পারে।

তবে ছবির একটি খুঁতের কথাও উঠে এসেছে। ইতিহাস অনুযায়ী, বামদেবের থেকে সামান্য ছোট ছিলেন লগেন (নগেন) কাকা; বামদেবের জীবনের শেষ পর্বে তাঁকে পর্দায় আরেকটু বয়স্ক দেখালে ভালো হতো বলে মনে করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে পরিচালক সায়ন্তন ঘোষালের আরেকটু নজর দেওয়া উচিত ছিল বলে নিজেও মনে করেন সব্যসাচী চৌধুরী।

সব মিলিয়ে, ‘সাধক বামাক্ষ্যাপা’ কেবল একটি জীবনীচিত্র নয়, বরং বাংলার আধ্যাত্মিক ঐতিহ্য ও তারাপীঠকে ঘিরে বাঙালির আবেগকে নতুনভাবে ছুঁয়ে দেখার চেষ্টা। বামাক্ষ্যাপার সাধনজীবন ও মা তারার প্রতি তাঁর ভক্তি যাঁদের আকর্ষণ করে, তাঁদের কাছে ছবিটি দেখতে ভালো লাগতে পারে। তবে ধর্মীয় আবেগের পাশাপাশি চিত্রনাট্যের গভীরতা ও সিনেমার নিজস্ব ভাষা শেষ পর্যন্ত দর্শককে কতটা ধরে রাখতে পারবে, সেটাই ছবির সাফল্যের মূল নির্ণায়ক হয়ে উঠবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *