‘মদের দোকান ছাড়া আর কিছু দেয়নি’, আগের সরকারকে তোপ দেগে নবদ্বীপে বড় বরাদ্দ মুখ্যমন্ত্রীর!

রাস পূর্ণিমার উৎসবে যোগ দিতে রবিবার নবদ্বীপে গিয়ে শহরের সার্বিক পরিকাঠামো ও ধর্মীয় ঐতিহ্যের উন্নয়নে মোট ৩ কোটি টাকা আর্থিক বরাদ্দের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মধ্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দির ও আশ্রমের অসম্পূর্ণ গবেষণাকেন্দ্রের কাজ শেষ করতে ২ কোটি টাকা এবং গোশালা সম্প্রসারণের জন্য ১ কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায়, শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন, দর্শন ও ঐতিহ্য নিয়ে গবেষণার জন্য তৈরি হওয়া এই কেন্দ্রের কাজ এতদিন অর্থের অভাবে থমকে ছিল। ভক্তদের সহায়তায় কিছুটা কাজ এগোলেও তা এখনও অসমাপ্ত। সেই কাজ দ্রুত শেষ করতেই ২ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। পাশাপাশি, নবদ্বীপের শচীমাতা গোশালার পরিকাঠামো সম্প্রসারণে ১ কোটি টাকা এবং মন্দির ও আশ্রমের অন্যান্য উন্নয়নমূলক কাজেও আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী।
ঘাট সংস্কার ও আধুনিক লঞ্চ পরিষেবা
ধর্মীয় পরিকাঠামোর পাশাপাশি নবদ্বীপের যাতায়াত ও নদীঘাট ব্যবস্থার উন্নয়নেও বড়সড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। ভগ্নপ্রায় নদীর ঘাট নতুন করে সংস্কার করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যা আগামী দু’মাসের মধ্যেই শেষ করা হবে। স্থায়ী সেতু নির্মাণের আগে পর্যন্ত পুণ্যার্থীদের সুবিধার্থে আধুনিক লঞ্চ ও ফেরি পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নবদ্বীপে এসে কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন বলেও জানান তিনি। শুভেন্দু অধিকারীর বক্তব্য, জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলার পর তিনি আবার নবদ্বীপে ফিরবেন এবং ততদিনে ঘাট সংস্কারের কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
ভাগীরথীতে স্থায়ী সেতু ও গড়কড়ির সফর
নবদ্বীপের যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করতে ভাগীরথীর ওপর স্থায়ী সেতু নির্মাণের পরিকল্পনার কথাও সামনে এনেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে জমি অধিগ্রহণের ব্যয় রাজ্য সরকার বহন করবে এবং নির্মাণের অর্থ দেবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)। একটি পূজামণ্ডপের অনুষ্ঠান থেকে তিনি জানান, কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি আগামী ২৬ নভেম্বর নবদ্বীপ পরিদর্শনে আসবেন। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে এই প্রকল্প এগিয়ে নিয়ে যাবে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে যে জমি জরিপের কাজ সবে শুরু হয়েছে; জমি অধিগ্রহণ, মাটি পরীক্ষা এবং বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এলাকায় সংস্কৃত টোল ও গুরুকুল গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
পূর্ববর্তী সরকারকে কড়া আক্রমণ
নবদ্বীপের ঐতিহ্য ও গুরুত্বের কথা তুলে ধরে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনকাল এবং পূর্ববর্তী তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনামলকে তীব্র নিশানা করেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাপ্রভুর জন্মস্থানকে অবহেলা করা হয়েছে এবং শহরের উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, মহাপ্রভুর জন্মস্থানে একটি দেশি ও আটটি বিদেশি—মোট নয়টি মদের দোকান খোলার অনুমতি দেওয়া ছাড়া পূর্ববর্তী সরকার এই শহরের জন্য বিশেষ কিছুই করেনি।
মায়াপুরের সঙ্গে তুলনা টেনে শুভেন্দু অধিকারী জানান, তীর্থস্থান হিসেবে মায়াপুর যেমন বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে, তেমনই শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপেরও আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্য। পরিকাঠামো উন্নয়ন, ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের মাধ্যমে নবদ্বীপকে স্বতন্ত্র পরিচিতি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। রাস পূর্ণিমা উৎসবের সঙ্গে যুক্ত থাকতে পেরে সরকার আনন্দিত এবং আগামী বছরগুলিতে এই উৎসব আয়োজনে সরকারের অংশগ্রহণ আরও বাড়ানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন রাস মেলা উপলক্ষে নবদ্বীপের একাধিক মন্দির ও পুজো মণ্ডপেরও উদ্বোধন করেন তিনি