মাত্র ৩৭৮ টাকায় শিলিগুড়ি থেকে মায়াপুর! ভক্তদের জন্য বিরাট সুখবর আনল পরিবহণ দফতর

রাস পূর্ণিমার ঠিক আগেই উত্তরবঙ্গের ভক্ত ও পর্যটকদের জন্য বড় সুখবর নিয়ে এল রাজ্য পরিবহণ দফতর। এতদিন নবদ্বীপ বা কৃষ্ণনগর ঘুরে মায়াপুরে যেতে যে ভোগান্তি হতো, এবার তার অবসান ঘটল। শিলিগুড়ি ও বালুরঘাট থেকে সরাসরি শ্রীধাম মায়াপুর ইসকন মন্দির পর্যন্ত সরকারি বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এনবিএসটিসি।

রবিবার শিলিগুড়ির ইসকন মন্দির প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে সবুজ পতাকা নেড়ে এই নতুন রুটের উদ্বোধন করেন পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন এনবিএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী কুমার রায়, শিলিগুড়ি ইসকনের সভাপতি অখিলাত্মা প্রিয় দাস প্রভু এবং উত্তর-পূর্ব ভারত ইসকনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাসসহ অন্যান্য বিশিষ্টজনেরা।

শিলিগুড়ি ও মায়াপুর ইসকনের ভক্তদের মধ্যে থাকা আত্মিক যোগ আরও মজবুত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মন্ত্রী। উদ্বোধনী মঞ্চে তিনি বলেন, উত্তরবঙ্গের ধর্মপ্রাণ মানুষ ও পর্যটকদের জন্য আজ দারুণ আনন্দের দিন। ভক্তদের সুবিধার কথা ভেবে সরাসরি বাস চালানোর প্রস্তাব এসেছিল। রাস পূর্ণিমার আগেই সেই আবেগকে সম্মান জানিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক থাকায় তাঁর পক্ষে উপস্থিত থাকা সম্ভব হতো না, তাই একদিন আগেই রবিবার উদ্বোধন সেরে রাখা হলো। সোমবার থেকেই শিলিগুড়ি জংশন থেকে যাত্রী নিয়ে বাসটি নিয়মিত মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেবে।

মন্ত্রী জানান, আপাতত নিগমের বর্তমান বাস দিয়ে এই পরিষেবা শুরু হলেও খুব শিগগিরই এনবিএসটিসি-র বহরে নতুন বাস এলে এই রুটে তা দেওয়া হবে। টিকিটের চাহিদা বাড়লে ভবিষ্যতে বাসের সংখ্যাও বাড়ানো হবে।

নতুন এই বাসের সময়সূচি ও ভাড়া রাখা হয়েছে সাধারণ মানুষের নাগালের মধ্যে। পরিবহণ নিগম সূত্রে খবর, ৫২ আসনের একটি পরিবেশবান্ধব সিএনজি বাস প্রতিদিন সকাল ৬টায় শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে। প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টার সফর শেষে বাসটি সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে মায়াপুর ইসকনে পৌঁছবে। পরের দিন সকাল ৬টায় মায়াপুর থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে সেটি শিলিগুড়িতে ফিরবে। এই দীর্ঘ সফরের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৩৭৮ টাকা। শিলিগুড়ির পাশাপাশি বালুরঘাট থেকেও মায়াপুর পর্যন্ত সরাসরি সরকারি বাস চললে দক্ষিণ দিনাজপুরসহ পুরো উত্তরবঙ্গের মানুষের যাতায়াত অনেক সহজ হবে।

মুখ্যমন্ত্রী, পরিবহণ প্রতিমন্ত্রী ও দফতরের আধিকারিকদের ধন্যবাদ জানিয়ে উত্তর-পূর্ব ভারত ইসকনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস বলেন, এই বাস চালু হওয়ায় উত্তরবঙ্গের বহু মানুষ সহজেই শ্রীধাম মায়াপুর দর্শনের সুযোগ পাবেন। দার্জিলিং, কালিম্পং ও সিকিমগামী দেশি-বিদেশি পর্যটক ও ভক্তরাও মায়াপুর থেকে সরাসরি শিলিগুড়ি কিংবা শিলিগুড়ি থেকে সরাসরি মায়াপুরে যাতায়াত করতে পারবেন। তাঁর বিশ্বাস, এই উদ্যোগ শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, বরং উত্তরবঙ্গ ও মায়াপুরের মধ্যে আধ্যাত্মিকতা, সংস্কৃতি ও পর্যটনের নতুন সেতু তৈরি করবে এবং দুই এলাকার অর্থনীতি ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *