চামড়া গুটিয়ে দেব!’ ভাইস প্রিন্সিপালকে হুমকি ও হেনস্থার অভিযোগে ফুঁসলেন স্বাস্থ্যমন্ত্রী, জারি হচ্ছে ৩ বছরের জেলের আইন?

মেডিক্যাল কলেজে সাম্প্রতিক অশান্তি, ভাঙচুর এবং প্রশাসনিক কর্তাদের হেনস্থার ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল পুলিশ। প্রিন্সিপালকে ঘেরাও করা এবং হাসপাতাল চত্বরে পাথর ছোড়া ও ভাঙচুরের ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই অশান্তির নেপথ্যে কারা জড়িত, তা চিহ্নিত করতেই সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব করা হয়েছে।
এই পরিস্থিতির মাঝেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নজিরবিহীন কঠোর অবস্থান নিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের তরফে পুলিশ ও প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, হাসপাতালে ভাঙচুর কিংবা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বা হুমকির ঘটনায় আর কোনো রকম শিথিলতা দেখানো হবে না। এই ধরনের অপরাধ রুখতে ২০০৯ সালের বিশেষ আইন ‘পশ্চিমবঙ্গ মেডিকেয়ার সার্ভিস পার্সনস অ্যান্ড মেডিকেয়ার সার্ভিস ইনস্টিটিউশনস (প্রিভেনশন অফ ভায়োলেন্স অ্যান্ড ড্যামেজ টু প্রপার্টি) অ্যাক্ট’ কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এই আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের ৩ বছর পর্যন্ত জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে।
অন্যদিকে, কলেজ স্ট্রিটের সাম্প্রতিক অশান্তি এবং কলকাতা মেডিক্যাল কলেজে শিক্ষক হেনস্থার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করার অধিকার সকলের থাকলেও, আন্দোলনের নামে শিক্ষক-শিক্ষিকাদের অসম্মান বা শারীরিকভাবে হেনস্থা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।
গত চার দিন ধরে কলেজ স্ট্রিট চত্বরে চলা অস্থিরতা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, তিনি নিজেও একসময় প্রতিবাদ করেছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে তাঁর মনে হচ্ছে সেই প্রতিবাদ করা ভুল হয়েছিল। কলকাতা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপালকে যেভাবে হেনস্থা করা হয়েছে, তার তীব্র নিন্দা করে তিনি অভিযোগ করেন, ভাইস প্রিন্সিপালকে “চামড়া গুটিয়ে দেব” বলে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। একইসঙ্গে আন্দোলনকারীদের উদ্দেশে তাঁর বার্তা, প্রতিবাদের জেরে যেন কলেজ স্ট্রিটের সাধারণ বই বিক্রেতাদের রুজি-রুটিতে কোনোভাবেই টান না পড়ে।