স্টেশনে উপচে পড়া ভিড়, ভক্তদের কাঁধে চেপে রেললাইন পার হলেন দেবী জগদ্ধাত্রী! কী ঘটল চন্দননগরে?

 

প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে রবিবার সকাল থেকেই চন্দননগরের গঙ্গার ঘাটগুলিতে শুরু হয়েছে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের পালা। তবে বিসর্জনের এই আবহে এক বিরল ও রোমাঞ্চকর দৃশ্যের সাক্ষী থাকল চন্দননগর স্টেশন চত্বর। বিশালাকার প্রতিমা নিয়ে যাওয়ার জন্য বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হলো হাওড়া-বর্ধমান মেন শাখার ট্রেন চলাচল। ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভক্তদের কাঁধে চেপে রেললাইন পার হলেন দেবী জগদ্ধাত্রী।

চন্দননগর রেলস্টেশনের পশ্চিম দিকে বেশ কয়েকটি বড় বারোয়ারি পুজো হয়। বিসর্জনের জন্য গঙ্গার ঘাটে যেতে হলে ব্রিটিশ আমলের এই রেললাইন পেরোতেই হয়। বেশিরভাগ পুজো কমিটি রেললাইনের নিচের সাবওয়ে ব্যবহার করলেও বিপাকে পড়ে ৪৩তম বর্ষে পদার্পণ করা সুভাষপল্লি উত্তরপাড়া পুজো কমিটি। তাদের প্রতিমার উচ্চতা ও আয়তন এতটাই বিশাল যে চন্দননগর স্টেশনের সাবওয়ে দিয়ে তা নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না।

প্রথা মেনে এদিনও বাঁশের খাঁচায় শক্ত করে দড়ি বেঁধে বিশাল প্রতিমা কাঁধে তুলে নেন পুজো কমিটির সদস্যরা। এরপর রেললাইন ধরে বেশ খানিকটা পথ হেঁটে পূর্ব পাড়ে নিয়ে গিয়ে প্রতিমাটিকে লরিতে তোলা হয়। এই গোটা প্রক্রিয়া নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষের তরফে নির্দিষ্ট সময়ের জন্য ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয় এবং ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।

প্রতিমা পারাপারের সময় চন্দননগর স্টেশনে উৎসাহী মানুষের ঢল নামে। প্রিয় মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরাও, কেউ বা কামরা থেকেই দেবীকে প্রণাম সারেন। পরিস্থিতি সামাল দিতে এবং সুরক্ষা নিশ্চিত করতে ময়দানে নামেন রেল পুলিশ, চন্দননগর পুলিশ কমিশনারেট ও প্রশাসনের আধিকারিকরা। শেওড়াফুলি জিআরপি থানার ওসি প্রদ্যুৎ ঘোষকে নিজে হ্যান্ড মাইক হাতে ভিড় নিয়ন্ত্রণ করতে এবং সাধারণ মানুষকে রেললাইন থেকে নিরাপদ দূরত্বে সরে থাকার অনুরোধ জানাতে দেখা যায়।

সুভাষপল্লি উত্তরপাড়া পুজো কমিটির সদস্য আদিত্য সেনানায়েক জানান, শুরুর দিকে সাবওয়ে দিয়ে প্রতিমা নিয়ে যাওয়ার সময় প্রতিমার ক্ষতি হতো। সেই অভিজ্ঞতা থেকেই পুলিশ ও রেল প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে রেললাইনের ওপর দিয়ে প্রতিমা পারাপারের এই রীতি চালু হয়। প্রশাসনের পূর্ণ সহযোগিতায় বছরের পর বছর ধরে এই প্রথা চলে আসছে, যা দেখতে এখন বহু মানুষ ভিড় জমান।

রেললাইনের ওপর দিয়ে দেবীর এই গমন দেখতে দু-তিন ঘণ্টা আগে থেকেই স্টেশনে অপেক্ষা করছিলেন ঝর্ণা চক্রবর্তী ও তমশ্রী দাসের মতো বহু দর্শনার্থী। তাঁদের কথায়, আকাশ পরিষ্কার থাকায় বিসর্জনের শোভা আরও বেড়ে গিয়েছে, আর রেললাইন পেরিয়ে মায়ের বিসর্জনের এই দৃশ্য দেখা সত্যিই এক অনন্য অভিজ্ঞতা।

উল্লেখ্য, চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির অধীনে থাকা ১৮০টি পুজোর মধ্যে রবিবার রাতে ৬৪টি বারোয়ারি ঐতিহ্যবাহী শোভাযাত্রায় অংশ নেবে। তার আগে সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে চলছে নিরঞ্জন পর্ব, যা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন অগণিত মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *