পিএফে ২০ লাখ জমে থাকলে কী লাভ? কিস্তিতে টাকা তোলার নতুন নিয়মে সুদও জমবে!

অবসর নেওয়ার পর প্রভিডেন্ট ফান্ড বা পিএফের পুরো টাকা এককালীন তুলে নেওয়ার চেনা ছবিটা এ বার বদলাতে চলেছে। এত দিন অবসরের সময় জমা অর্থ একসঙ্গে তুলে নিয়ে বিনিয়োগ বা খরচের সিদ্ধান্ত নিতে হতো সদস্যদের। যাঁরা বিনিয়োগের বিষয়ে ওয়াকিবহাল, তাঁরা সেই টাকা খাটিয়ে সুদ পেতেন; কিন্তু অনেকের ক্ষেত্রেই সেই সিদ্ধান্ত নেওয়া সহজ হতো না। এ বার এককালীন তোলার বদলে ধাপে ধাপে টাকা তোলার ব্যবস্থা আনতে চলেছে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন বা ইপিএফও। নতুন সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান বা এসডব্লিউপি-তে প্রতি মাসে, তিন মাস অন্তর কিংবা ছ’মাস অন্তর টাকা তোলার সুযোগ মিলবে। ফলে অবসরের পরেও পিএফে থাকা বাকি টাকার ওপর সুদ জমতে থাকবে। এই পদক্ষেপে বিশেষভাবে উপকৃত হবেন বেসরকারি ক্ষেত্রের কর্মীরা।

নতুন নিয়মে কী সুবিধা হবে?

বর্তমান ব্যবস্থায় অবসরের সময় জমা পিএফের অর্থ একসঙ্গে তুলে নেওয়া যায়। নতুন কাঠামোয় পুরো টাকা একসঙ্গে না তুলে প্রয়োজন অনুযায়ী কিস্তিতে টাকা নেওয়া যাবে। উদাহরণ হিসেবে ধরা যাক, কারও পিএফ অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকা জমা রয়েছে। তিনি চাইলে তার একাংশ অ্যাকাউন্টে রেখে নির্দিষ্ট বিরতিতে অল্প অল্প করে টাকা তুলতে পারবেন। অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ অবশিষ্ট থাকবে, তার ওপর সুদও যুক্ত হতে থাকবে। তবে কিস্তির পরিমাণ কত হতে পারে এবং কত সময় ধরে এই সুবিধা পাওয়া যাবে, সে বিষয়ে ইপিএফও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

কারা এই সুবিধা পেতে পারেন?

ইপিএফও-র কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের ২৪০তম বৈঠকে এই প্রস্তাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে। শ্রম মন্ত্রকের প্রাথমিক হিসাব অনুযায়ী, যাঁদের বয়স ৫৫ বছরের বেশি এবং পিএফে অন্তত ৫ লক্ষ টাকা জমা রয়েছে, এমন প্রায় ৬.৩২ লক্ষ সদস্যকে সম্ভাব্য উপভোক্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট পরিস্থিতিতে যোগ্য পরিবারের সদস্য বা নমিনিরাও অবশিষ্ট টাকা তুলতে কিংবা কিস্তিতে টাকা তোলার প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন।

পেনশন নয়, নিজের সঞ্চয়ই কিস্তিতে পাবেন

এই নতুন ব্যবস্থাকে অনেকেই মাসিক পেনশন হিসেবে তুলে ধরছেন, কিন্তু বাস্তবে এটি পেনশন নয়। মাসিক পেনশন আলাদাভাবে কর্মচারী পেনশন প্রকল্প বা ইপিএস-এর আওতায় পড়ে। ইপিএফও-র এই ব্যবস্থায় সদস্যরা নিজেদের জমানো পিএফের টাকাই ধাপে ধাপে পাবেন। তাই একে পেনশনের বিকল্প না ভেবে অবসরের পর নিজের সঞ্চয় গুছিয়ে নেওয়ার একটি উপায় হিসেবে দেখা উচিত।

তবে এখনই এই ব্যবস্থা চালু হচ্ছে না। নিয়ম সংশোধন, কর সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনা এবং চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরেই এটি কার্যকর হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *