চোলাইয়ের নেশায় মাতাল বুনো হাতি! ফসল তছনছ করে তাণ্ডব, বিজনোরে চরম আতঙ্ক

উত্তরপ্রদেশের বিজনোর জেলার বনসংলগ্ন গ্রামাঞ্চলে বন্যপ্রাণীর উপদ্রব এক নতুন ও বিস্ময়কর রূপ নিয়েছে। আমানগড় টাইগার রিজার্ভ এবং বধাপুর-রেহড় বনরেঞ্জ থেকে লোকালয়ের দিকে আসা হাতিগুলো এখন খেতের আশপাশে অবৈধভাবে তৈরি দেশি বা চোলাই মদের লাহন— অর্থাৎ পচানো গুড়, ফল ও চিটাগুড়ের মিশ্রণের নেশায় আসক্ত হয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।
তীব্র গন্ধযুক্ত এই লাহন পান করে নেশাগ্রস্ত হয়ে পড়ছে হাতিগুলো এবং নিয়ন্ত্রণ হারিয়ে কৃষকদের তৈরি ফসল পায়ে মাড়িয়ে নষ্ট করছে। বন্যপ্রাণ বিশেষজ্ঞ ও স্থানীয় বাসিন্দাদের মতে, জঙ্গলের ধার ঘেঁষে এবং আখের ঘন খেতের আড়ালে মদ মাফিয়ারা লুকিয়ে চোলাই মদ তৈরি করে। ড্রাম বা গর্তে গুড়, চিটাগুড় ও অন্যান্য উপাদান পচিয়ে লাহন বানানো হয়।
নেশার ঘোরে ব্যাপক ধ্বংসলীলা
এই লাহনের তীব্র ও মিষ্টি গন্ধ অনেক দূর থেকেই বুনো হাতিদের টেনে আনে। খাবার ও জলের খোঁজে ঘুরতে ঘুরতে হাতিগুলো ওই আস্তানায় পৌঁছে যায় এবং ড্রাম ভেঙে সব লাহন খেয়ে নেয়। লাহন খাওয়ার পর নেশার অবস্থায় হাতিগুলোর আচরণ অত্যন্ত উগ্র ও বেপরোয়া হয়ে ওঠে। গ্রামবাসীদের দাবি, সাধারণ সময়ের তুলনায় নেশায় বুঁদ হাতি চিৎকার-চেঁচামেচি বা মশাল দেখলেও ভয় পায় না। খেতের ভেতর ঢুকে আখ ও ধান খাওয়ার চেয়েও পায়ের তলায় পিষে ফসল বেশি নষ্ট করছে সেগুলো।
সম্প্রতি বধাপুর, রেহড় ও কাদরাবাদ এলাকার একাধিক গ্রামে কয়েক বিঘা জমির ফসল হাতির তাণ্ডবে নষ্ট হয়ে গেছে, যার ফলে সারা বছরের পরিশ্রম মাটি হয়েছে কৃষকদের। ফসলের বড় ক্ষতির পাশাপাশি নিজেদের প্রাণ নিয়েও শঙ্কিত স্থানীয় বাসিন্দারা। কৃষকদের অভিযোগ, একদিকে হাতিদের জঙ্গলে আটকে রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারছে না বন দপ্তর, অন্যদিকে জঙ্গলঘেঁষা এলাকায় চলা অবৈধ মদের ভাটি পুরোপুরি বন্ধ করতে ব্যর্থ হচ্ছে আবগারি দপ্তর ও পুলিশ।
প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি
স্থানীয় কৃষক ও গ্রামবাসীরা প্রশাসনের কাছে দাবি তুলেছেন, বন এলাকার আশপাশে চলা অবৈধ মদের ঠেক অবিলম্বে গুঁড়িয়ে দিতে হবে। হাতির হাত থেকে বাঁচতে টহল বাড়ানো এবং নষ্ট হওয়া ফসলের যথাযথ ক্ষতিপূরণ দ্রুত দেওয়ার দাবিও জানানো হয়েছে। বিজনোরের এসপি কে কে বিষ্ণোই দশ দিনের সময়সীমা নির্ধারণ করে সব থানার ভারপ্রাপ্ত আধিকারিককে দেশি মদ প্রস্তুতকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।
বিজনোরের ডিএফও জয় সিং কুশওয়াহার বক্তব্য অনুযায়ী, খাবার ও জলের খোঁজে বন্যপ্রাণীরা জঙ্গলের কাছের খেত ও গ্রামে চলে আসে এবং দেশি মদ তৈরির লাহন ইত্যাদি খেয়ে মাতাল হয়ে পড়ে। তার পর খেতে দাঁড়িয়ে থাকা গম, আখ, পশুখাদ্য ও ধানের ফসল মাড়িয়ে দেয়, যাতে কৃষকদের বড় ক্ষতি হয়। খবর পেলেই বন দপ্তরের কর্মীরা গ্রামবাসীদের সহায়তায় বন্যপ্রাণীদের তাড়িয়ে দেন বলে জানান তিনি।