রাশিয়া, চিন, ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে গোপন সাইবার অভিযান চালাচ্ছে ব্রিটেন, প্রথমবার প্রকাশ্য স্বীকারোক্তি

বিশ্বজুড়ে যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। এখন প্রতিপক্ষ দেশকে চাপে ফেলতে সীমান্ত পেরোনো বা মিসাইল ছোড়ার প্রয়োজন সবসময় হয় না। কম্পিউটার নেটওয়ার্ক, সরকারি ব্যবস্থা এবং ডিজিটাল পরিষেবায় হানা দিয়েও দুর্বল করে দেওয়া যায় কোনো দেশকে। একে বলা হয় সাইবার ওয়ার বা ডিজিটাল যুদ্ধ। রাশিয়া, চিন, ইরান এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে তাদের সাইবার বাহিনী গোপন সাইবার অভিযান চালাচ্ছে— প্রথমবারের মতো এ কথা প্রকাশ্যে স্বীকার করেছে ব্রিটেন।

২০ নভেম্বর স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ সেনা কমান্ডার জেনারেল স্যার রব ম্যাগোওয়ান জানান, ওই চার দেশের সম্ভাব্য হুমকির বিরুদ্ধে সক্রিয় রয়েছে ব্রিটেনের ন্যাশনাল সাইবার ফোর্স বা এনসিএফ। তাঁর বক্তব্য, রাশিয়া, চিন, ইরান ও উত্তর কোরিয়া ব্রিটেনের জীবন ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে এবং সেই তৎপরতার জবাব দিতেই পাল্টা পদক্ষেপ নিচ্ছে ব্রিটেন।

ব্রিটেন কি সাইবার যুদ্ধে জড়িয়েছে?

ম্যাগোওয়ানের মতে, ব্রিটেনের সামনে সাইবার হামলার ঝুঁকি বেশ বড় এবং তা ক্রমেই বাড়ছে। ওই দেশগুলোর সঙ্গে ব্রিটেন কোনো সাইবার যুদ্ধে লিপ্ত কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধ চলছে এমনটা বলবেন না, তবে শান্তির সময়ও নয়। তাঁর ভাষায়, এটি যুদ্ধ ও শান্তির মাঝামাঝি এক ধূসর অঞ্চল বা গ্রে জোন, যেখানে দেশগুলো একে অপরকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যায়।

কীভাবে কাজ করে ব্রিটেনের গোপন সাইবার বাহিনী?

২০২০ সালে ন্যাশনাল সাইবার ফোর্স গড়ে তোলে ব্রিটেন। চারটি সরকারি সংস্থার যৌথ উদ্যোগে তৈরি এই বাহিনীতে রয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক, গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার বা জিসিএইচকিউ, গোয়েন্দা সংস্থা এমআই৬ এবং ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাব বা ডিএসটিএল। এর কাজ শুধু সাইবার হামলা থেকে দেশকে আগলে রাখা নয়, প্রয়োজনে অন্য দেশের ডিজিটাল নেটওয়ার্কে ঢুকে তাদের কার্যক্রম ব্যাহত করাও। সেজন্য কম্পিউটার নেটওয়ার্কের দুর্বলতা খুঁজে বের করে প্রতিপক্ষের তৎপরতা থামানোর মতো অভিযান চালানো হয়।

ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, জঙ্গি সংগঠন রুখতে, বিদেশে সামরিক অভিযানের সুরক্ষায়, নির্বাচনে বাইরের হস্তক্ষেপ কমাতে এবং অনলাইনে ভুয়ো তথ্য ছড়ানো আটকাতেও এসব অভিযান কাজে লাগানো হয়। তবে নিরাপত্তার স্বার্থে কোনো নির্দিষ্ট অভিযানের বিস্তারিত তথ্য বাইরে জানানো হয় না।

সাইবার হামলায় কীভাবে স্তব্ধ হতে পারে গোটা ব্যবস্থা?

সাইবার হুমকি শুধু সেনাবাহিনী বা সরকারি কম্পিউটারেই সীমাবদ্ধ নেই। বিদ্যুৎ, ব্যাংকিং, রেল, হাসপাতাল, বিমানবন্দরসহ নানা জরুরি পরিষেবা ডিজিটাল ব্যবস্থার ওপর নির্ভরশীল। এসব ব্যবস্থায় আঘাত এলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় প্রভাব পড়তে পারে। এর উদাহরণ হিসেবে ব্রিটেনের গাড়ি প্রস্তুতকারক সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার বা জেএলআর-এ হওয়া সাইবার হামলার কথা উঠে এসেছে। স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ওই হামলায় সংস্থাটিকে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। পাশাপাশি ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন জায়গায় সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারও সাইবার হামলার কবলে পড়ে।

ব্রিটেনেও বাড়ছে সাইবার হামলার ঝুঁকি

ব্রিটেনের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার বা এনসিএসসি গত এক বছরে সাইবার হামলা সংক্রান্ত ১,৮৩১টি রিপোর্ট নথিভুক্ত করেছে। এর মধ্যে ৮০টি ঘটনা জাতীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুতর ছিল। এই পরিসংখ্যানই দেখায়, সাইবার নিরাপত্তা এখন আর কোনো এক দপ্তর বা সংস্থার বিষয় নয়, বরং জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

ভবিষ্যতের যুদ্ধ কি ডিজিটাল নেটওয়ার্কেই হবে?

ম্যাগোওয়ানের দাবি, ব্রিটেনের সাইবার বাহিনীর একাধিক অভিযান সফল হয়েছে, যদিও সেগুলোর বিস্তারিত তিনি প্রকাশ করেননি। তাঁর কথায়, প্রতিপক্ষ দেশ অনেক সময় বুঝতেই পারে না যে তাদের সিস্টেমে তৈরি হওয়া সমস্যা কোনো সাইবার অভিযানের ফল।

এই বিষয়টিই নতুন ধরনের এই সংঘাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রচলিত যুদ্ধে আক্রমণ ও পাল্টা জবাব চোখে পড়ে, কিন্তু সাইবার যুদ্ধে কে হামলা চালিয়েছে তা বোঝা কঠিন হতে পারে। ফলে দেশগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি এবং ভুল বোঝাবুঝি থেকে বড় সংঘাতের ঝুঁকিও থাকে। আগামী দিনের লড়াইয়ে সীমান্তের সেনার চেয়ে ডিজিটাল নেটওয়ার্কের নিয়ন্ত্রণই জয়-পরাজয় ঠিক করবে কি না, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *