টিভি দেখার মাঝেই ঘরে ঢুকল চিতাবাঘ! দরজা আটকে বাঁচলেন দম্পতি, আতঙ্কে জ্ঞান হারালেন স্ত্রী

রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ করেই ঘরে ঢুকে পড়ল চিতাবাঘ, আর তাতেই ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন কর্ণাটকের তুমাকুরু জেলার এক দম্পতি। ঘরের ভেতর হিংস্র প্রাণীকে চোখের সামনে দেখে আতঙ্কে জ্ঞান হারান ওই গৃহবধূ।
ঘটনাটি ঘটেছে তুমাকুরু জেলার বন্দিগৌড়ানাপাল্যা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, চিতাবাঘটি প্রথমে চিক্কামারিয়াপ্পা নামে এক বাসিন্দার বাড়ির বাইরে বাঁধা একটি ছাগলছানাকে শিকার করে এবং তার পর সোজা ঘরের ভেতরে ঢুকে পড়ে। সেই সময় চিক্কামারিয়াপ্পা ও তাঁর স্ত্রী নরসাম্মা ঘরের ভেতর বসে টেলিভিশন দেখছিলেন। হঠাৎ চিতাবাঘটিকে ঘরে ঢুকতে দেখে তাঁরা হতবাক হয়ে যান। তবে চরম আতঙ্কের মধ্যেও কোনোমতে বুদ্ধি খাটিয়ে তাঁরা ঘর থেকে বেরিয়ে আসেন এবং বাইরে থেকে দরজা আটকে চিতাবাঘটিকে ভেতরে বন্দি করে ফেলেন। কিন্তু নিজের ঘরের ভেতর চিতাবাঘ দেখার ধাক্কা সামলাতে না পেরে বাইরে এসেই জ্ঞান হারান নরসাম্মা।
এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা দ্রুত পুলিশ ও বন দপ্তরে খবর দেন। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা চিতাবাঘটিকে ধরার জন্য ঘটনাস্থলে পৌঁছান। তবে এ ঘটনায় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। ঘটনাস্থলে উপস্থিত রেঞ্জ ফরেস্ট অফিসার বা আরএফও চৈত্রাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, গত প্রায় এক মাস ধরে এলাকায় চিতাবাঘের আনাগোনার কথা বন দপ্তরকে জানানো সত্ত্বেও কোনো আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়নি।
পরে প্রায় ছয় ঘণ্টার দীর্ঘ অভিযানের পর খাঁচা ও জালের সাহায্যে চিতাবাঘটিকে নিরাপদে বন্দি করতে সক্ষম হন বনকর্মীরা।